সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১২, ২০২৬, ০২:৪৫ পিএম
ফাইল ছবি

ঢাকা: চিত্রনায়ক শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহকে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার খলঅভিনেতা আশরাফুল হক ডনের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১২ আগস্ট) দুপুরে ডনের পক্ষে তার আইনজীবী এম ফরিদুল ইসলাম, তারিকুল ইসলাম জুয়েলসহ কয়েকজন এ আবেদন করেন।

তবে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম জামিন নাকচের আদেশ দেন।

সালমান শাহর আইনজীবী আবিদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন আদালতে রাষ্ট্র পক্ষের পাবলিক প্রসিকিউটর পিপি ওমর ফারুক ফারুকী ডনের জামিনের বিরোধিতা করে যুক্তি তুলে ধরেন।

অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা জামিন চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুরের আদেশ আসে।

জানা গেছে, সালমান শাহ হত্যা মামলার কারণে ডনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ছিল। ইমিগ্রেশন থেকে জানানোর পরে সিআইডি তাকে হেফাজতে নিয়েছে। সৌদি আরবে ওমরাহ পালনে যাওয়ার সময় তাকে আটক করা হয়।

সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসায় মারা যান। শুরুতে তার মৃত্যুকে আত্মহত্যা বলা হলেও পরে এ নিয়ে হত্যা মামলা হয়। মামলাটির তদন্তে বিভিন্ন সময়ে একাধিক ব্যক্তির নাম এসেছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম বাদী হয়ে রমনা থানায় সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে মামলাটি করেন।

মামলার অন্য আসামিরা হলেন— সামিরা হকের মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, ডন, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ওরফে ফরহাদ।

পিএস