২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে সাভারে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) শিক্ষার্থী আসহাবুল ইয়ামিনকে গুলি করার পর সাঁজোয়া যান (এপিসি) থেকে ফেলে হত্যার ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
ঢাকা-১৬ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ১৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বহুল আলোচিত এ মামলাটির আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হলো।
রোববার (২২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আদালত এ আদেশ দেন। একই সঙ্গে আগামী ১৪ ডিসেম্বর মামলাটির সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।
মামলায় অভিযুক্ত ১৯ আসামির মধ্যে ৬ জন বর্তমানে অন্য মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। বাকি ১৩ জন আসামি পলাতক।
আসামিরা হলেন ঢাকা-১৬ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামান রিপন, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, সাভার থানার সাবেক ওসি শাহজামান, আশুলিয়া থানার সাবেক ওসি এএফএম সায়েদ, এএসআই মোহাম্মদ আলী, নায়েক সুহেল মিয়া, কনস্টেবল মাহফুজ মিয়া ও সাভার উপজেলার সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব। এ ছাড়া অপর আসামিরা হলেন মো. আতিকুর রহমান, ফখরুল আলম সমর, মেহেদী হাসান তুষার, রাজু আহম্মেদ, মো. ফরিদ, জামান খান, মিজানুর রহমান জিএস মিজান ও শরীফ আশরাফুল আলম বাবুল।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২৪ সালের ১৮ জুলাই সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালান পুলিশ সদস্য ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা। সেদিন দুপুরে এমআইএসটির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আসহাবুল ইয়ামিনকে ধরে টেনে পুলিশের সাঁজোয়া যানের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে খুব কাছ থেকে তাঁর বুকের বাঁ পাশে গুলি করা হলে অসংখ্য স্প্লিন্টার বিদ্ধ হয়।
গুলির পর গুরুতর আহত ইয়ামিনকে টেনে সাঁজোয়া যানের ওপরে তুলে রাখা হয়। আন্দোলনরত ছাত্র-জনতাকে ভীতি প্রদর্শনের জন্য ইয়ামিনকে ওপরে রেখেই সাঁজোয়া যানটি সড়কের এপাশ থেকে ওপাশে প্রদক্ষিণ করতে থাকেন দায়িত্বরত পুলিশ সদস্যরা। একপর্যায়ে প্রায় মৃত অবস্থায় তাঁকে সাঁজোয়া যান থেকে নিচে রাস্তায় ফেলে দেওয়া হয়।
এ সময় সাঁজোয়া যানের ভেতর থেকে এক পুলিশ সদস্যকে বের করে ইয়ামিনের পায়ে পুনরায় গুলি করার নির্দেশ দেওয়া হয়। তবে ওই পুলিশ সদস্য ইয়ামিনকে মৃত ভেবে পায়ে আর গুলি করেননি। বরং রাস্তার এক প্রান্ত থেকে টেনে নিয়ে অপর প্রান্তে সড়ক বিভাজনের পাশে ফেলে দেন। সে সময়ও গুলিবিদ্ধ ইয়ামিনকে নিশ্বাস নিতে দেখা গিয়েছিল। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এসএইচ