নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি দোলন ৭ দিনের রিমান্ডে

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৬, ০৭:৫২ পিএম
ছবি: সংগৃহীত

ঢাকা: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি এস এম আতাউল হক দোলনের ৭ দিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (২০ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক শুনানি শেষে এ আদেশ দেন।

শুনানি শেষে ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের রিমান্ড আবেদনে বলা হয়, গত ২২ মে ধানমন্ডির ৩২ নম্বর সেতুর উত্তর পাশে নিষিদ্ধ ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের ২০০ থেকে ২৭৪ জন নেতাকর্মী সরকারবিরোধী মিছিলের প্রস্তুতি নিতে জড়ো হন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা পালানোর চেষ্টা করেন। এ সময় কয়েকজনকে আটক করা হয়।

তদন্ত কর্মকর্তার আবেদনে অভিযোগ করা হয়, আসামি সরকারবিরোধী ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। এসব কর্মকাণ্ড পরিচালনার জন্য অর্থ ও অস্ত্র সংগ্রহ করে মাঠপর্যায়ের কর্মী ও সন্ত্রাসীদের কাছে সরবরাহ করতেন। এ ছাড়া মামলার পলাতক আসামিদের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে বলেও দাবি পুলিশের।

পুলিশের দাবি, আসামিদের জিজ্ঞাসাবাদ করে পলাতক ব্যক্তিদের পরিচয় ও অবস্থান, অর্থের উৎস এবং অস্ত্র ও অর্থ সরবরাহের সঙ্গে জড়িতদের শনাক্ত করা প্রয়োজন। একই সঙ্গে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অর্থ ও অস্ত্র উদ্ধার এবং অন্য জড়িতদের গ্রেফতারের জন্য রিমান্ড চাওয়া হয়।

পিএস