নির্বাচনে মোবাইল ব্যাংকিংয়ে কড়াকড়ি: লেনদেনে বিধিনিষেধ আরোপ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৯:১১ পিএম
ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে (এমএফএস) লেনদেনে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে বিকাশ, নগদ, রকেটসহ সব এমএফএস প্ল্যাটফর্মে একবারে এক হাজার টাকার বেশি টাকা পাঠানো যাবে না।

রোববার (৮ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট, এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। এতে বলা হয়েছে, নির্বাচনের সময় এমএফএস এবং এনপিএসবি’র আওতায় আইবিএফটির মাধ্যমে পি-টু-পি লেনদেনের সম্ভাব্য অপব্যবহার ঠেকাতে সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ৯৬ ঘণ্টা এই বিধিনিষেধ কার্যকর থাকবে।

নতুন নিয়ম অনুসারে, গ্রাহকরা প্রতিদিন সর্বোচ্চ ১০ হাজার টাকা লেনদেন করতে পারবেন। প্রতিটি লেনদেনের সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা এবং একদিনে সর্বোচ্চ ১০ বার লেনদেনের অনুমতি দেওয়া হয়েছে।

তবে মার্চেন্ট পেমেন্ট এবং ইউটিলিটি বিল পরিশোধের ক্ষেত্রে বিদ্যমান নিয়ম অপরিবর্তিত থাকবে। এই ৯৬ ঘণ্টায় অন্যান্য সব ধরনের এমএফএস লেনদেন সাময়িকভাবে সীমাবদ্ধ থাকবে। বর্তমানে একজন গ্রাহক দৈনিক সর্বোচ্চ ৫০ হাজার টাকা এবং মাসিক তিন লাখ টাকা পর্যন্ত লেনদেন করতে পারেন।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, এ সময়ে এমএফএস প্রোভাইডারদের অবশ্যই নিজস্ব কুইক রেসপন্স সেল গঠন করে অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির ব্যবস্থা করতে হবে।সব লেনদেন সার্বক্ষণিক ক্লোজ মনিটরিংয়ের আওতায় রাখতে হবে এবং সন্দেহজনক বা অস্বাভাবিক কোনো লেনদেন দেখা গেলে দ্রুত সংশ্লিষ্ট থানায় রিপোর্ট করতে হবে।

একই সঙ্গে এই ৯৬ ঘণ্টায় পি-টু-পি ইন্টারনেট ব্যাংকিং (আইবিএফটি) লেনদেন সম্পূর্ণ বন্ধ থাকবে। এমএফএস প্রোভাইডার ও ব্যাংকগুলোকে নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাহিদা অনুযায়ী সব ধরনের সহযোগিতা প্রদান করতে হবে।

এসবিআর