ইসলামী ব্যাংকের ১৪১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের ৩ মামলা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৬, ০৭:৫৫ পিএম
ফাইল ছবি

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশের চট্টগ্রামের জুবলী রোড শাখা থেকে জালিয়াতির মাধ্যমে ২৭টি ডিলের বিপরীতে ১৪১ কোটি ২০ লাখ টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগে তিনটি মামলা অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুদকের প্রধান কার্যালয়ে মামলাগুলোর অনুমোদন দেওয়া হয়। শিগগিরই চট্টগ্রাম দুদক কার্যালয়ে মামলা দায়ের করা হবে। এসব মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তাঁর স্ত্রীসহ ২৯ জনকে আসামি করা হয়েছে।

দুদক সূত্র জানায়, এর আগে সাইফুজ্জামান চৌধুরী ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ইসলামী ব্যাংক ও ইউসিবির বিভিন্ন শাখা থেকে শত শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে একাধিক মামলা করা হয়েছে। এসব মামলায় তাঁর পরিবারের সদস্য, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মী এবং ব্যাংকের সাবেক কর্মকর্তা-কর্মচারীদেরও আসামি করা হয়েছে।

সাইফুজ্জামানের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগের অনুসন্ধান ও তদন্ত করছে দুদকের একটি বিশেষ দল। এ পর্যন্ত তাঁর সংশ্লিষ্টতায় ৩০টি মামলা দায়ের হয়েছে বলে জানা গেছে।

এএইচ/পিএস