দেশে প্রথমবারের মতো আসছে ‘অরেঞ্জ বন্ড’

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১৮, ২০২৬, ০৪:১৫ পিএম
ছবি : সংগৃহীত

ঢাকা: বাংলাদেশের পুঁজিবাজারে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে ‘অরেঞ্জ বন্ড’। নারীর ক্ষমতায়ন ও অন্তর্ভুক্তিমূলক অর্থায়নকে কেন্দ্র করে সাজিদা ফাউন্ডেশন আনছে “সাজিদা অরেঞ্জ জিরো কুপন বন্ড”। দেশের বন্ডবাজারে এটিকে একটি নতুন মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

এ বন্ডের ইলেকট্রনিক সাবস্ক্রিপশন পরিচালনার জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জ-ডিএসই ও ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেডের মধ্যে আজ সোমবার চুক্তি সই হয়েছে। রাজধানীর নিকুঞ্জে ডিএসই কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিএসইর ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেম (ইএসএস) প্ল্যাটফর্মে বন্ডটির সাবস্ক্রিপশন আজ ১৮ই মে শুরু হয়ে চলবে ২৩শে মে পর্যন্ত। ইএসএস প্ল্যাটফর্মের মাধ্যমে যোগ্য বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত হওয়া এটিই প্রথম প্রাইভেট বন্ড।

সংশ্লিষ্টরা বলছেন, ‘অরেঞ্জ বন্ড’ মূলত এমন এক ধরনের থিমেটিক বন্ড, যার মাধ্যমে নারীর অর্থনৈতিক অংশগ্রহণ, উদ্যোক্তা উন্নয়ন ও সামাজিক অন্তর্ভুক্তিকে গুরুত্ব দিয়ে অর্থায়ন করা হয়। আন্তর্জাতিক বাজারে এ ধরনের বন্ডের ব্যবহার বাড়লেও বাংলাদেশে এবারই প্রথম এটি চালু হচ্ছে।

সাজিদা ফাউন্ডেশনের “Orange Zero-Coupon Bond”-এর মোট অভিহিত মূল্য ১৫৮ কোটি ৫০ লাখ টাকা। এর মধ্যে ৭৫ কোটি ৭৩ লাখ টাকা অভিহিত মূল্যের বন্ড ডিএসইর ইএসএস প্ল্যাটফর্মের মাধ্যমে যোগ্য বিনিয়োগকারীদের কাছে অফার করা হবে।

বন্ডটি ১ বছর, ২ বছর ও ৩ বছর মেয়াদে জিরো-কুপন ইন্সট্রুমেন্ট হিসেবে গঠন করা হয়েছে। ফলে বিনিয়োগকারীরা নিজেদের পছন্দ অনুযায়ী মেয়াদ বেছে নিয়ে বিনিয়োগ করতে পারবেন।

চুক্তি সই অনুষ্ঠানে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার বলেন, দেশের জনমিতিক সুবিধাকে কাজে লাগাতে উদ্ভাবনী ও অন্তর্ভুক্তিমূলক অর্থায়ন কাঠামো গড়ে তোলা জরুরি। তাঁর ভাষায়, অরেঞ্জ বন্ডের মতো নতুন ধরনের বন্ড পুঁজিবাজারে বিকল্প অর্থায়নের নতুন সুযোগ তৈরি করছে।

ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ রাশেদ হোসাইন বলেন, সাজিদা অরেঞ্জ বন্ডের মাধ্যমে বাংলাদেশে আন্তর্জাতিক মানসম্পন্ন থিমেটিক বন্ড বাজারের ভিত্তি তৈরি হচ্ছে। তাঁর মতে, এটি দেশি–বিদেশি বিনিয়োগকারীদের জন্য সামাজিক প্রভাব ও আর্থিক রিটার্ন—দুই দিক থেকেই নতুন সম্ভাবনা তৈরি করবে।

সাজিদা ফাউন্ডেশনের ডেপুটি সিইও মোঃ ফজলুল হক বলেন, নারীদের জন্য বিনিয়োগভিত্তিক ‘অরেঞ্জ জিরো কুপন বন্ড’ বাস্তবায়ন একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। তিনি জানান, সাজিদা ফাউন্ডেশন গত তিন দশকের বেশি সময় ধরে নারীর ক্ষমতায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও আয় বৃদ্ধিতে কাজ করছে।

এএইচ/পিএস