ঢাকা: মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ব্যক্তিগত হিসাবে কার্ড থেকে ‘অ্যাড মানি’ করার ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
মঙ্গলবার (১৯ মে) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস্ ডিপার্টমেন্ট (পিএসডি)-১ এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।
নির্দেশনায় বলা হয়, সাময়িক পদক্ষেপ হিসেবে প্রথমবার কোনো কার্ড এমএফএস হিসাবে সংযুক্ত করার সময় সর্বোচ্চ ৫০০ টাকার একটি টোকেন লেনদেন সম্পন্ন করতে হবে। ওই টোকেন লেনদেন সফলভাবে সম্পন্ন হওয়ার ২৪ ঘণ্টা পর সংশ্লিষ্ট কার্ডটি এমএফএস হিসাবের সঙ্গে সংযুক্ত করে নিয়মিত লেনদেন করা যাবে।
এছাড়া আগামী ১ আগস্ট থেকে কার্ড থেকে এমএফএস ব্যক্তিগত হিসাবে ‘অ্যাড মানি’ করার ক্ষেত্রে এমএফএস হিসাবটি সংশ্লিষ্ট ব্যক্তির নামে নিবন্ধিত কি না, তা নিশ্চিত হওয়ার পর সরাসরি হিসাব সংযুক্ত করে লেনদেন করা যাবে। সে ক্ষেত্রে টোকেন লেনদেনের বাধ্যবাধকতা থাকবে না।
নতুন নির্দেশনায় আরও বলা হয়েছে, কার্ড থেকে এমএফএস ব্যক্তিগত হিসাবে ‘অ্যাড মানি’ লেনদেনকে মার্চেন্ট পেমেন্ট হিসেবে নয়, বরং ফান্ড ট্রান্সফার হিসেবে বিবেচনা ও চিহ্নিত করতে হবে। পাশাপাশি লেনদেনের সময় বেনিফিশিয়ারি হিসাব বা ওয়ালেট নম্বর কার্ড ইস্যুকারী প্রতিষ্ঠানের কাছে দৃশ্যমান থাকতে হবে।
আগামী ৩১ জুলাইয়ের মধ্যে এ ব্যবস্থা নিশ্চিত করা না গেলে, ১ আগস্ট থেকে কার্ড থেকে এমএফএস হিসাবে ‘অ্যাড মানি’ করার সুবিধা বন্ধ রাখতে হবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
পিএস