ঋণের অর্থ সরাসরি বিক্রেতার হিসাবে পাঠাতে পারবে ব্যাংক, নির্দেশনা জারি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২৩, ২০২৬, ০৬:৪৯ পিএম
ফাইল ছবি

ঢাকা: দেশের আর্থিক খাতে ডিজিটাল লেনদেন আরও বিস্তৃত ও নিরাপদ করতে ভোক্তা অর্থায়ন (কনজ্যুমার ফাইন্যান্সিং) খাতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, নির্দিষ্ট কিছু ঋণের অর্থ এখন থেকে গ্রাহকের হাতে না দিয়ে সরাসরি পণ্য বা সেবাদানকারী বিক্রেতার (ভেন্ডর/সাপ্লায়ার) ব্যাংক হিসাবে স্থানান্তর করতে পারবে তফসিলি ব্যাংকগুলো।

মঙ্গলবার (২৩ জুন) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে। এতে বলা হয়েছে, ঋণের অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করা এবং তহবিলের অপব্যবহার রোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সার্কুলার অনুযায়ী, অটো লোন, হাউজিং ফাইন্যান্স, কনজ্যুমার ডিউরেবলস লোন এবং পেশাজীবীদের জন্য প্রদত্ত ঋণের ক্ষেত্রে এ সুবিধা প্রযোজ্য হবে। ব্যাংকগুলো চাইলে বিক্রেতার একই ব্যাংকে থাকা হিসাবে সরাসরি অর্থ পাঠাতে পারবে। আর বিক্রেতার হিসাব অন্য কোনো তফসিলি ব্যাংকে থাকলে রিয়েল-টাইম গ্রস সেটেলমেন্ট (RTGS) ব্যবস্থার মাধ্যমে অর্থ স্থানান্তর করা যাবে।

তবে বাংলাদেশ ব্যাংক স্পষ্টভাবে জানিয়েছে, কোনো অবস্থাতেই এসব ঋণের অর্থ গ্রাহকের ব্যক্তিগত হিসাবে জমা করা যাবে না কিংবা নগদ পরিশোধ করা যাবে না, যদি না বিদ্যমান বিধিমালায় তা বিশেষভাবে অনুমোদিত থাকে।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার প্রসারের ফলে লেনদেন আরও দ্রুত, স্বচ্ছ ও নিরাপদ হবে। একই সঙ্গে কাগজভিত্তিক লেনদেনের খরচ কমবে, পরিচালনাগত দক্ষতা বাড়বে এবং অর্থ ছাড়ের পুরো প্রক্রিয়া আরও সহজ হবে।

নির্দেশনায় ব্যাংকগুলোকে জালিয়াতি, সাইবার ঝুঁকি, তৃতীয় পক্ষের ঝুঁকি এবং ভুলবশত অর্থ স্থানান্তরের মতো সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সঠিক বিক্রেতার হিসাবে অর্থ পাঠানোর সম্পূর্ণ দায় সংশ্লিষ্ট ব্যাংকের ওপরই বর্তাবে বলে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই নতুন ব্যবস্থা বিক্রেতা বা সরবরাহকারীদের কাছে অর্থ পরিশোধের একটি অতিরিক্ত পদ্ধতি হিসেবে বিবেচিত হবে। সার্কুলার জারির সঙ্গে সঙ্গেই নির্দেশনাটি কার্যকর হয়েছে।

এএইচ/পিএস