বিতর্কিত সালমান এফ রহমানের বেক্সিমকোর শেয়ারে বিনিয়োগকারীদের ভিড়

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২৮, ২০২৬, ০৬:২৫ পিএম
ফাইল ছবি

ঢাকা: টানা ১৩ কার্যদিবস ক্রেতা সংকটে থাকার পর শেয়ারবাজারে ইতিবাচক ধারায় ফিরেছে বেক্সিমকো লিমিটেড। রোববার (২৮ জুন) সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির শেয়ারের দিকে বিনিয়োগকারীদের ঝোঁক বাড়ায় এর দাম বাড়ার সর্বোচ্চ সীমা স্পর্শ করেছে। বেক্সিমকোর শেয়ারের ঘুরে দাঁড়ানো সামগ্রিক বাজারেও ইতিবাচক প্রভাব ফেলেছে, যার ফলে বেড়েছে মূল্যসূচক ও লেনদেনের পরিমাণ।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এদিন অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। এতে প্রধান মূল্যসূচকের বড় উত্থান লক্ষ্য করা গেছে। বাজারটিতে লেনদেন বেড়ে ১ হাজার ৩০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। দেশের অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। ফলে সেখানেও মূল্যসূচক ঊর্ধ্বমুখী ছিল, তবে লেনদেনের পরিমাণ আগের দিনের তুলনায় কিছুটা কমেছে। এ নিয়ে টানা চার কার্যদিবস উভয় বাজারে সূচক বাড়ল।

[272566]

বাজার বিশ্লেষণে দেখা যায়, গত ১৩ কার্যদিবস ধরে বেক্সিমকোর শেয়ারে ক্রেতা সংকট ছিল। আজ রোববার লেনদেনের শুরুতে সেই একই চিত্র দেখা দিলেও সময়ের সঙ্গে সঙ্গে চিত্র বদলে যায়। টানা দরপতনে কোম্পানিটির শেয়ারের দাম ১১০ টাকা ১০ পয়সা থেকে ২৫ টাকা ৬০ পয়সায় নেমে এসেছিল। তবে আজ বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ায় দাম কমার সর্বনিম্ন সীমা থেকে তা বেড়ে দিনের সর্বোচ্চ সীমায় পৌঁছায়।

বেক্সিমকোর এই পরিস্থিতির পরিবর্তনের প্রভাব পড়ে পুরো বাজারে। দিনশেষে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২১৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টি প্রতিষ্ঠানের শেয়ার দর।

ডিএসইর তথ্য অনুযায়ী, লভ্যাংশ প্রদানের ভিত্তিতে ভালো মানের (এ-ক্যাটাগরি) ১১১টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৭০টির। মাঝারি মানের বা ‘বি’ ক্যাটাগরির ৩৭টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৩৩টির। অন্যদিকে, লভ্যাংশ না দেওয়া ‘জেড’ গ্রুপের ৬৫টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে এবং কমেছে ৩০টির। তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে ১৪টির দাম বেড়েছে ও ৬টির দাম কমেছে।

এএইচ/এসআই