চার আর্থিক প্রতিষ্ঠানকে পুনর্গঠনের সময় দিল বাংলাদেশ ব্যাংক

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০৮:৪২ পিএম
ফাইল ছবি

ঢাকা: আর্থিকভাবে দুর্বল ও আমানতকারীদের অর্থ পরিশোধে সংকটে থাকা চারটি নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানকে (এনবিএফআই) পুনর্গঠন ও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে বিশেষ সময়সীমা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 

ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬-এর ধারা ১৫ অনুযায়ী পরিচালনা পর্ষদের সিদ্ধান্তের ভিত্তিতে প্রতিষ্ঠানগুলোকে শর্তসাপেক্ষে তিন মাস সময় দেওয়া হয়েছে। এ পদক্ষেপের উদ্দেশ্য হলো প্রতিষ্ঠানগুলোকে পুনরায় কার্যকর অবস্থায় ফিরিয়ে এনে আমানতকারীদের স্বার্থ রক্ষা করা।

বিশেষ সময় পাওয়া চারটি প্রতিষ্ঠান হলো— প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড; জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড; বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড এবং প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত তিন মাসের মধ্যে প্রতিষ্ঠানগুলোকে নিজস্ব পরিচালনা পর্ষদ ও স্পন্সর শেয়ারহোল্ডারদের মাধ্যমে নতুন মূলধন সংগ্রহ এবং প্রয়োজনীয় তারল্য নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নিজস্ব সম্পদ ও সম্পত্তি বিক্রি, বকেয়া ঋণ আদায় এবং খেলাপি ঋণ পুনঃতফসিল বা নিষ্পত্তির মাধ্যমে শ্রেণিকৃত ঋণের হার উল্লেখযোগ্যভাবে কমিয়ে এনে সাধারণ ও ব্যক্তিগত আমানতকারীদের আমানত পরিশোধ নিশ্চিত করতে হবে।

কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠানগুলো যদি আরোপিত শর্তগুলোর কোনো একটি বা একাধিক পূরণে ব্যর্থ হয়, তাহলে ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ অনুযায়ী ব্যাংক রেজুলেশন বিভাগ প্রয়োজনীয় রেজুলেশন কার্যক্রম শুরু করবে। এর আওতায় পুনর্গঠন, একীভূতকরণ, সম্পদ হস্তান্তর কিংবা প্রয়োজনে অবসায়নের মতো পদক্ষেপ নেওয়া হতে পারে।

বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগকে আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় চলমান সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠানগুলো কার্যকর পুনর্গঠন করতে না পারলে কেন্দ্রীয় ব্যাংক আরও কঠোর ব্যবস্থা নিতে পারে।

এএইচ/পিএস