ঢাকা: পুঁজিবাজারের দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য প্রয়োজনীয় সংস্কারগুলো দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মুমিনুল ইসলাম।
তিনি বলেন, বাজারের ছোটখাটো উত্থান-পতন নিয়ে অতিরিক্ত মনোযোগী না হয়ে দীর্ঘমেয়াদি পরিবর্তনের দিকে নজর দিতে হবে।
সোমবার (৩১ আগস্ট) “বাংলাদেশের পুঁজিবাজারের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ করণীয়” শীর্ষক উন্মুক্ত আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মুমিনুল ইসলাম বলেন, পুঁজিবাজারকে দীর্ঘদিন ধরে ‘ওভারলি রেগুলেটেড’ বা অতিরিক্ত নিয়ন্ত্রিত বলা হচ্ছে। অতিরিক্ত নিয়ন্ত্রণের কারণে বাজার তার নিজস্ব নিয়মে বিকশিত হতে পারছে না। এ ক্ষেত্রে প্রয়োজনীয় পরিবর্তনের কিছু লক্ষণ ইতিমধ্যে দেখা যাচ্ছে।
তিনি বলেন, দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে স্ক্রিপ্ট নেটিং চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য ডিএসইর ম্যাচিং ইঞ্জিন ও অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমে (ওএমএস) প্রয়োজনীয় প্রযুক্তিগত পরিবর্তনের কাজ চলছে। সংশ্লিষ্ট অংশীজনদের সহযোগিতায় চলতি বছরের মধ্যেই এটি বাস্তবায়নের আশা প্রকাশ করেন তিনি।
ডিএসই চেয়ারম্যান আরও জানান, ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ডের লেনদেনও শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি প্রাতিষ্ঠানিক ও বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে ডিএসইর ওয়েবসাইটে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। ওয়েবসাইটের নতুন নকশা ও প্রযুক্তিগত উন্নয়নের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
তিনি বলেন, পুঁজিবাজারে টেকসই পরিবর্তন আনতে নিয়ন্ত্রক সংস্থা, ডিএসই এবং বাজারসংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
এএইচ/পিএস