পরিচালনা পর্ষদ না থাকায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির কার্যক্রমে সংকট তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন ব্যাংকটির গ্রাহকেরা। দ্রুত পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক করার দাবি জানিয়েছেন তাঁরা। একই সঙ্গে গ্রাহকদের অবস্থান কর্মসূচিতে হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনারও দাবি উঠেছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর মতিঝিলের দিলকুশায় ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে অবস্থান কর্মসূচি থেকে এসব দাবি জানানো হয়। ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে অধ্যাপক নুরুন্নবী মানিক বলেন, পরিচালনা পর্ষদ না থাকায় ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর নেতিবাচক প্রভাব দেশের সামগ্রিক অর্থনীতিতেও পড়ছে। তাই দ্রুত ব্যাংকটির পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা প্রয়োজন।
তিনি আরও বলেন, কর্মসূচির বিপরীত অবস্থানে থাকা পক্ষ বা বহিরাগতদের প্রশাসন সরিয়ে না দেওয়া পর্যন্ত গ্রাহকদের অবস্থান কর্মসূচি চলবে।
এদিকে কর্মসূচিতে অংশ নেওয়া গ্রাহকদের ওপর হামলার অভিযোগও করেন আয়োজকেরা। ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সহসভাপতি মুতাসিম বিল্লাহ বলেন, হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। এ বিষয়ে প্রশাসনের কার্যকর পদক্ষেপও দাবি করেন তিনি।
ইসলামী ব্যাংকের এক গ্রাহক বলেন, তিনি দীর্ঘ নয় বছর ধরে ব্যাংকটির নিয়মিত ব্যবসায়ী গ্রাহক। কিন্তু বর্তমানে ব্যবসার প্রয়োজনেও ব্যাংক থেকে প্রয়োজনীয় অর্থ তুলতে পারছেন না।
গ্রাহকদের অভিযোগ, গত কয়েক বছরে ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাটের কারণে বর্তমান সংকট তৈরি হয়েছে। পরিকল্পিতভাবে ইসলামী ব্যাংককে দুর্বল করার চেষ্টা চলছে বলেও তিনি অভিযোগ করেন।
সচেতন গ্রাহকেরা বলেন, দেশের অর্থনীতি ও কর্মসংস্থান রক্ষায় ইসলামী ব্যাংকের কার্যক্রম দ্রুত স্বাভাবিক করা জরুরি। এ জন্য দ্রুত পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তাঁরা।
এসএইচ