২৮ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলারের বেশি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৬, ০৯:০৫ এএম

চলতি অক্টোবর মাসের প্রথম ২৮ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ২৬৫ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ২৩৩ কোটি ৯০ লাখ ডলার। ফলে এক বছরের ব্যবধানে এ সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৩ দশমিক ৫ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২৮ অক্টোবর (বুধবার) একদিনেই দেশে রেমিট্যান্স এসেছে ১১ কোটি ৩০ লাখ মার্কিন ডলার।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (১ জুলাই থেকে ২৮ অক্টোবর পর্যন্ত) দেশে মোট প্রবাসী আয় এসেছে ১ হাজার ১২৪ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ৯৯২ কোটি ৫০ লাখ ডলার। সে হিসাবে চলতি অর্থবছরের প্রথম চার মাসে প্রবাসী আয় বেড়েছে ১৩২ কোটি ২০ লাখ মার্কিন ডলার বা ১৩ দশমিক ৫ শতাংশ।

অপরদিকে দেশের বাজারে আবারও বাড়তে শুরু করেছে ডলারের দাম। ব্যাংক ও খোলা বাজার— দুই ক্ষেত্রেই বিদেশি মুদ্রাটির দাম বাড়ছে। ফলে ডলারের দাম নিয়ন্ত্রণে ব্যাংকগুলোয় ১২ কোটি ২০ লাখ ডলার সরবরাহ করেছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, মাসের ব্যবধানে ব্যাংকগুলোয় গড়ে ডলারের দাম প্রায় ১ টাকা বেড়েছে। অন্যদিকে খোলা বাজারে ২ টাকা দাম বেড়েছে। এর ফলে ডলারের দাম নিয়ন্ত্রণে ব্যাংকগুলোতে ১২ কোটি ২০ লাখ ডলার সরবরাহ করা হয়েছে।

জানা গেছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে প্রতি ডলার ১২৪ থেকে ১২৪ টাকা ৩০ পয়সা দরে এই পরিমাণ ডলার ব্যাংকগুলোকে সরবরাহ করা হয়েছে। এর আগে গত ২০ অক্টোবর প্রতি ডলার ১২৩ টাকা ৬৫ পয়সা দরে বিক্রি করেছিল বাংলাদেশ ব্যাংক।

এম