ঢাকা: তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ড বা লভ্যাংশের অর্থ বিতরণের ক্ষেত্রে বিদ্যমান বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কোনো তালিকাভুক্ত কোম্পানির পরিচালক সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য হলেও ওই ব্যাংকে কোম্পানিটির ডিভিডেন্ড অ্যাকাউন্ট পরিচালনা করা যাবে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত বিএসইসির ১ হাজার ৩৮তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কমিশনের চেয়ারম্যান মাসুদ খান।
বর্তমানে বিএসইসির নির্দেশনা অনুযায়ী, কোনো ইস্যুয়ার কোম্পানির পরিচালক যে ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য, সেই ব্যাংকে সংশ্লিষ্ট কোম্পানির ডিভিডেন্ড অ্যাকাউন্ট পরিচালনা করা যায় না। স্বার্থের সংঘাত এড়ানোর লক্ষ্যে এ বিধিনিষেধ কার্যকর ছিল।
তবে কমিশনের নতুন সিদ্ধান্তে এ শর্ত শিথিল করা হয়েছে। ফলে কোনো তালিকাভুক্ত কোম্পানির পরিচালক সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকলেও ওই ব্যাংকে কোম্পানিটির ডিভিডেন্ড অ্যাকাউন্ট পরিচালনায় আর বাধা থাকবে না।
বিএসইসির এ সিদ্ধান্তের ফলে তালিকাভুক্ত কোম্পানিগুলোর ডিভিডেন্ড অ্যাকাউন্ট পরিচালনার ক্ষেত্রে ব্যাংক নির্বাচনের সুযোগ বাড়বে। বিশেষ করে যেসব কোম্পানির পরিচালক বিভিন্ন ব্যাংকের পরিচালনা পর্ষদে রয়েছেন, তাদের জন্য বিদ্যমান বিধিনিষেধ শিথিল হওয়ায় ডিভিডেন্ড অ্যাকাউন্ট পরিচালনা সহজ হবে।
কমিশন জানিয়েছে, সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদে কোম্পানির কোনো পরিচালক থাকাকে এখন আর ওই ব্যাংকে ডিভিডেন্ড অ্যাকাউন্ট পরিচালনার ক্ষেত্রে বাধা হিসেবে বিবেচনা করা হবে না।
এএইচ/পিএস