সরকারের কাছে ৬ হাজার কোটি টাকা বিনিয়োগ চায় ইসলামী ব্যাংক

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৬, ০৭:৪৭ পিএম
ছবি : সংগৃহীত

ঢাকা: সরকার বা সরকারি প্রতিষ্ঠানের কাছে ৬ হাজার কোটি টাকার ইক্যুইটি বিনিয়োগ চেয়েছে ইসলামী ব্যাংক পিএলসি। প্রস্তাবটি বাস্তবায়িত হলে দেশের বেসরকারি খাতের সবচেয়ে বড় বাণিজ্যিক ব্যাংকটির ৭৮ দশমিক ৮ শতাংশ শেয়ারের মালিকানা চলে যেতে পারে সরকারের হাতে। এতে ব্যাংকটির মালিকানা ও ব্যবস্থাপনার নিয়ন্ত্রণও কার্যত সরকারের হাতে চলে যাবে।

মূলধন ঘাটতি কমানো এবং আর্থিক ভিত্তি শক্তিশালী করতে নতুন শেয়ার ইস্যুর মাধ্যমে এই অর্থ সংগ্রহ করতে চায় ব্যাংকটি। এ জন্য ১০ টাকা অভিহিত মূল্যের ৬০০ কোটি নতুন সাধারণ শেয়ার প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যুর প্রস্তাব দেওয়া হয়েছে। এতে ব্যাংকটির পরিশোধিত মূলধন ১ হাজার ৬০৯ কোটি ৯৯ লাখ টাকা থেকে বেড়ে ৭ হাজার ৬০৯ কোটি ৯৯ লাখ টাকায় দাঁড়াবে।

বাংলাদেশ ব্যাংকের কাছে গত ৪ এপ্রিল ‘ক্যাপিটাল রেস্টোরেশন প্ল্যান ২০২৭-২০৩৩’ জমা দেয় ইসলামী ব্যাংক। ওই পরিকল্পনায় মূলধন ঘাটতি কমানোর পাশাপাশি আর্থিক সক্ষমতা বাড়াতে নতুন শেয়ার ইস্যুর প্রস্তাব করা হয়। এর পরিপ্রেক্ষিতে গত ৯ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবকে চিঠি পাঠিয়েছে। এতে সরকারের কাছে জানতে চাওয়া হয়েছে, ব্যাংকটির মূলধনে সরকারি বিনিয়োগের প্রস্তাবে সরকার সম্মত কি না।

ইসলামী ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, নতুন শেয়ার বেসরকারি খাতের জন্য উন্মুক্ত করা হলে আগের মালিকেরা আবারও শেয়ার কিনে ব্যাংকটির ওপর প্রভাব বিস্তারের সুযোগ পেতে পারেন। এ ধরনের পরিস্থিতি ঠেকাতেই সরকারের কাছে বিনিয়োগ চাওয়া হয়েছে। সরকারি বিনিয়োগ হলে মূলধন ঘাটতি কমানোর পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত মূলধনসংক্রান্ত শর্ত পূরণ সহজ হবে। ভবিষ্যতে ব্যাংকটির আর্থিক পরিস্থিতির উন্নতি হলে সরকার এসব শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে বিক্রি করতে পারবে।

সরকারি মালিকানা নিয়ে আপত্তি
তবে ইসলামী ব্যাংকে সরকারের সংখ্যাগরিষ্ঠ মালিকানা প্রতিষ্ঠার প্রস্তাবের সমালোচনা করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আহসান এইচ মনসুর। তাঁর মতে, ব্যাংকটিতে সরকারের ৬ হাজার কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত সঠিক হবে না।

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন সরকার ব্যাংক খাত থেকে নিজেদের সরিয়ে নিচ্ছে। অথচ বাংলাদেশ উল্টো পথে হাঁটছে। সরকারি ব্যাংকগুলোর দক্ষতার দিকে তাকালেই সরকারি মালিকানার সীমাবদ্ধতা বোঝা যায়। সরকার দায়িত্ব নিলেই কোনো ব্যাংক ভালো হয়ে যায় না। বরং ইসলামী ব্যাংকের যে সুনাম অবশিষ্ট রয়েছে, সরকার সংখ্যাগরিষ্ঠ শেয়ারহোল্ডার হলে সেটিও ক্ষতিগ্রস্ত হতে পারে।

মনসুর সতর্ক করে বলেন, ৬ হাজার কোটি টাকার এই বিনিয়োগ কয়েক বছরের মধ্যেই হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তখন সরকারকে আবারও ব্যাংকটিতে অর্থ দিতে হতে পারে। এর পরিবর্তে ব্যাংকটির সাবেক বিদেশি শেয়ারহোল্ডার এবং নতুন বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকে মূলধন সংগ্রহের পরামর্শ দিয়েছেন তিনি। এ ছাড়া নিয়ন্ত্রক সংস্থার কঠোর নজরদারিতে দেশীয় বেসরকারি খাত থেকেও বিনিয়োগ আনার কথা বলেছেন সাবেক এই গভর্নর।

লোকসান ও খেলাপি ঋণে নাজুক পরিস্থিতি
ইসলামী ব্যাংকের আর্থিক পরিস্থিতি বর্তমানে বেশ নাজুক। ক্রমবর্ধমান লোকসান, খেলাপি ঋণ এবং বিপুল প্রভিশন ঘাটতির মধ্যে ব্যাংকটি নতুন মূলধন সংগ্রহের উদ্যোগ নিয়েছে।

চলতি পঞ্জিকাবর্ষের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে ব্যাংকটির কর-পরবর্তী নিট লোকসান হয়েছে ৩ হাজার ৩০৩ কোটি টাকা। আগের বছরের একই সময়ে ব্যাংকটি প্রায় ৭৯ কোটি টাকা মুনাফা করেছিল। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) লোকসান হয়েছে ১ হাজার ৯৭৬ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর শেষে ব্যাংকটির মোট ঋণের পরিমাণ ছিল ১ লাখ ৮১ হাজার ৮৬০ কোটি টাকা। এর মধ্যে ১ লাখ ৬০০ কোটি টাকা খেলাপি ঋণে পরিণত হয়েছে। একই সময়ে ব্যাংকটির প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে ৮৫ হাজার ৮৮৬ কোটি টাকা।

মালিকানা নিয়ে অতীতের বিতর্ক
ইসলামী ব্যাংকের মালিকানা নিয়ে অতীতেও নানা পরিবর্তন হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে এস আলম গ্রুপ ও তাদের স্বার্থসংশ্লিষ্ট ২৪টি প্রতিষ্ঠান ব্যাংকটির প্রায় ৮১ দশমিক ৫৯ থেকে ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ারের মালিকানা নেয়। এসব শেয়ার বর্তমানে আদালতের আদেশে জব্দ রয়েছে। বাকি প্রায় ১৮ শতাংশ শেয়ার সাধারণ ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

বর্তমানে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ দেওয়া প্রশাসক ব্যাংকটির পরিচালনা পর্ষদের দায়িত্ব পালন করছেন। এমন পরিস্থিতিতে নতুন করে ৬ হাজার কোটি টাকার সরকারি বিনিয়োগের প্রস্তাব ব্যাংকটির মালিকানা কাঠামো ও ভবিষ্যৎ ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আনতে পারে। তবে এ বিষয়ে সরকারের সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি।

এএইচ/পিএস