জামানত ছাড়াই সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ডিজিটাল ঋণ নেওয়ার সুযোগ থাকছে আরও দীর্ঘ সময়। ‘ই-ঋণ’ পুনরর্থায়ন স্কিমের মেয়াদ ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। ক্ষুদ্র উদ্যোক্তা, নারী, তরুণ, শিক্ষার্থী ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সহজ শর্তে ঋণপ্রাপ্তির সুযোগ বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
গত ১২ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক ও সহকারী মুখপাত্র সাঈদা খানম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অর্থনৈতিক বৈষম্য কমানো এবং অন্তর্ভুক্তিমূলক আর্থিক খাত গড়ে তোলার লক্ষ্যে স্কিমটি হালনাগাদ করা হয়েছে।
নতুন ব্যবস্থায় দেশের তফসিলি ব্যাংকগুলোর মাধ্যমে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে এই ঋণ দেওয়া হবে। গ্রাহকেরা ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং অ্যাপ, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং ই-ওয়ালেটের মাধ্যমে ঋণ নিতে পারবেন।
এই স্কিমে সর্বোচ্চ ঋণের পরিমাণ ৫০ হাজার টাকা। এর বিপরীতে কোনো জামানত দিতে হবে না। প্রচলিত ব্যাংকঋণ পেতে জামানত ও আনুষ্ঠানিকতার কারণে যাঁরা সমস্যায় পড়েন, তাঁদের জন্য এটি নতুন সুযোগ তৈরি করবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্রাহক পর্যায়ে এই ঋণের সুদ বা মুনাফার হার হবে সর্বোচ্চ ৯ শতাংশ। অন্যদিকে, অংশগ্রহণকারী ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে বার্ষিক ১ শতাংশ সুদে পুনরর্থায়ন সুবিধা পাবে।
ই-ঋণ পুনরর্থায়ন স্কিমে আর্থিকভাবে পিছিয়ে থাকা ও ব্যাংকিং সেবার বাইরে থাকা জনগোষ্ঠীকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। অগ্রাধিকার পাবেন প্রান্তিক ও নিম্নআয়ের মানুষ, নারী ও ক্ষুদ্র নারী উদ্যোক্তা, ১৮ থেকে ২৫ বছর বয়সী শিক্ষার্থী, ক্ষুদ্র ব্যবসায়ী এবং বিশেষ চাহিদাসম্পন্ন ও প্রতিবন্ধী ব্যক্তিরা।
তবে এই সুবিধা পেতে আগ্রহীদের সংশ্লিষ্ট তফসিলি ব্যাংকের মাধ্যমে আবেদন করতে হবে এবং নির্ধারিত যোগ্যতার শর্ত পূরণ করতে হবে।
এসএইচ