দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ আশঙ্কাজনক হারে বাড়ছে। চলতি বছরের সেপ্টেম্বর প্রান্তিক শেষে তফসিলি ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি ৯৩ লাখ টাকা। ব্যাংকগুলোর বিতরণ করা মোট ঋণের ৩২ দশমিক ১৭ শতাংশ এখন খেলাপি। পাঁচ বছরের ব্যবধানে খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে প্রায় পাঁচ গুণ।
সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদে অর্থমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম খানের লিখিত প্রশ্নের জবাবে তিনি ব্যাংকিং খাতের খেলাপি ঋণের সর্বশেষ চিত্র তুলে ধরেন।
সংসদে দেওয়া তথ্য অনুযায়ী, ২০২২ সালে দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ১ লাখ ১২ হাজার ৯০১ কোটি ৮২ লাখ টাকা। ওই বছর মোট বিতরণ করা ঋণের ৭ দশমিক ৬৪ শতাংশ ছিল খেলাপি। ২০২৩ সালে খেলাপি ঋণের হার বেড়ে দাঁড়ায় ৮ দশমিক ৩৯ শতাংশে।
এরপর পরিস্থিতির আরও অবনতি হয়। ২০২৪ সালে ব্যাংক খাতে মোট ঋণের পরিমাণ ছিল ১৭ লাখ ১১ হাজার ৪০১ কোটি ৯১ লাখ টাকা। এর মধ্যে খেলাপি ঋণ ছিল ৩ লাখ ৫ হাজার ৭৩ কোটি ৩৮ লাখ টাকা, যা মোট ঋণের ১৭ দশমিক ৮৩ শতাংশ।
২০২৫ সালে খেলাপি ঋণের পরিমাণ আরও বেড়ে দাঁড়ায় ৫ লাখ ৪৪ হাজার ৩৩১ কোটি ৮৮ লাখ টাকা। ওই বছর ব্যাংকগুলোর মোট বিতরণ করা ঋণের পরিমাণ ছিল ১৮ লাখ ২০ হাজার ৯১৫ কোটি ৪৪ লাখ টাকা। এর মধ্যে ২৯ দশমিক ৯২ শতাংশই ছিল খেলাপি।
সর্বশেষ ২০২৬ সালের সেপ্টেম্বর প্রান্তিকে ব্যাংকিং খাতে মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ লাখ ৫৬ হাজার ১৬৯ কোটি ১৭ লাখ টাকা। এর বিপরীতে খেলাপি ঋণ বেড়ে হয়েছে ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি ৯৩ লাখ টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে ৫২ হাজার ৮২৩ কোটি টাকার বেশি।
এদিকে ব্যাংক খাতে ঋণ জালিয়াতি, অনিয়ম ও অর্থ আত্মসাতের মাধ্যমে সৃষ্ট আর্থিক ক্ষতি পুনরুদ্ধার এবং বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও সংসদে তুলে ধরেন অর্থমন্ত্রী।
তিনি জানান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, জাতীয় রাজস্ব বোর্ডসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সমন্বয়ে গঠিত টাস্কফোর্স এ বিষয়ে কাজ করছে। সন্দেহভাজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পদের বিবরণী অনুসন্ধান এবং পাচার করা অর্থ উদ্ধারে বিভিন্ন দপ্তর ও সংস্থার সহায়তা নেওয়া হচ্ছে।
এ ছাড়া ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা, বড় খেলাপিদের কাছ থেকে ঋণের অর্থ আদায় এবং ভবিষ্যতে ঋণ জালিয়াতি প্রতিরোধে সময়াবদ্ধ কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।
বিদেশে পাচার করা অর্থ ও সম্পদ উদ্ধারে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আইনি সহযোগিতা বাড়ানোর উদ্যোগও নেওয়া হয়েছে। এ লক্ষ্যে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএআর) পাঠানোসহ বিভিন্ন কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান অর্থমন্ত্রী।
এসএইচ