ঢাকা: দেশে ডিজিটাল ব্যাংকিংয়ের প্রসারে নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে। মোবাইল ব্যাংকিংয়ের পর এবার পূর্ণাঙ্গ ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠায় আগ্রহী হয়ে উঠছেন উদ্যোক্তারা। এরই মধ্যে নতুন করে চারটি ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার প্রাথমিক অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ ছাড়া আগে প্রাথমিক অনুমোদন পাওয়া কড়ি ডিজিটাল ব্যাংককে লেটার অব ইনটেন্ট (এলওআই) দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবার চাহিদা বাড়ায় দেশে প্রচলিত ব্যাংকগুলোর কার্যক্রমেও পরিবর্তন আসছে। গ্রাহকদের ব্যাংকের শাখায় যাওয়ার প্রবণতা কমছে। হিসাব খোলা, অর্থ স্থানান্তর, বিল পরিশোধসহ বিভিন্ন সেবা এখন মোবাইল অ্যাপ ও অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে। এ পরিস্থিতিতে ডিজিটাল ব্যাংকিংয়ের নতুন উদ্যোগ আর্থিক খাতে প্রতিযোগিতা বাড়াতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশ ব্যাংকের প্রাথমিক অনুমোদন পাওয়া নতুন চারটি ডিজিটাল ব্যাংকের মধ্যে রয়েছে ডিজিটাল ব্যাংকিং অব ভুটান, বিকাশ ডিজিটাল ব্যাংক, নোভা ডিজিটাল ব্যাংক ও বুস্ট ডিজিটাল ব্যাংক। ডিজিটাল ব্যাংকিং অব ভুটানের উদ্যোক্তা ভুটানের ডিকে ব্যাংক। বিকাশ ডিজিটাল ব্যাংকের উদ্যোক্তা বিকাশের মালিকানাসংশ্লিষ্ট প্রতিষ্ঠান। নোভা ডিজিটাল ব্যাংকের সঙ্গে যুক্ত রয়েছে বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিওন ও স্কয়ার গ্রুপ। অন্যদিকে বুস্ট ডিজিটাল ব্যাংকের উদ্যোক্তা মোবাইল অপারেটর রবি আজিয়াটা।
ডিজিটাল ব্যাংকের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, এর কোনো প্রচলিত শাখা, উপশাখা, নিজস্ব এটিএম বা নগদ জমা মেশিন থাকবে না। ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে গ্রাহকেরা সব ধরনের ব্যাংকিং সেবা নিতে পারবেন। ফলে হিসাব খোলা থেকে শুরু করে অর্থ স্থানান্তর ও অন্যান্য ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করতে গ্রাহকদের শাখায় যেতে হবে না।
ডিজিটাল ব্যাংকিং সেবা ২৪ ঘণ্টা চালু থাকবে। গ্রাহকদের জন্য ভার্চুয়াল কার্ড ও কিউআর কোডভিত্তিক লেনদেনের সুবিধা থাকবে। প্রয়োজনে অন্য ব্যাংকের এটিএম ও এজেন্ট ব্যাংকিং নেটওয়ার্ক ব্যবহার করে লেনদেন করতে পারবেন গ্রাহকেরা।
একটি ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার জন্য ন্যূনতম ৩০০ কোটি টাকা মূলধন প্রয়োজন হবে। তবে এটি প্রচলিত ব্যাংকের মতো সব ধরনের ঋণ ও বৈদেশিক বাণিজ্য কার্যক্রম পরিচালনা করতে পারবে না।
বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী, ডিজিটাল ব্যাংক বড় ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানকে ঋণ দিতে পারবে না। বরং কুটির, অতিক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থায়নে গুরুত্ব দিতে হবে। বিশেষ করে যেসব ক্ষুদ্র ব্যবসায়ী এখনো অনানুষ্ঠানিক উৎস থেকে অর্থ সংগ্রহ করেন, তাঁদের প্রাতিষ্ঠানিক ব্যাংকিং সেবার আওতায় আনার সুযোগ তৈরি হবে।
ডিজিটাল ব্যাংক ঋণ দেওয়ার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি ব্যবহার করে গ্রাহকের ঋণযোগ্যতা যাচাই করতে পারবে। জামানতবিহীন ঋণ দেওয়ার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। তবে এসব ব্যাংক কোনো ঋণপত্র বা এলসি খুলতে পারবে না।
নীতিমালায় আরও বলা হয়েছে, লাইসেন্স পাওয়ার পাঁচ বছরের মধ্যে ডিজিটাল ব্যাংককে পুঁজিবাজারে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও ছাড়তে হবে। আইপিওর পরিমাণ হতে হবে উদ্যোক্তাদের প্রাথমিক মূলধন অবদানের ন্যূনতম সমপরিমাণ।
এদিকে দেশে ডিজিটাল লেনদেনের পরিধিও বাড়ছে। গত ১ জুলাই থেকে সব ব্যাংক, মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) এবং পেমেন্ট সিস্টেম অপারেটরকে বাংলা কিউআরভিত্তিক লেনদেন চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এই ব্যবস্থার ব্যবহার বাড়াতে গত ১০ আগস্ট আন্তব্যাংক লেনদেনের মাশুল মওকুফসহ বিভিন্ন প্রণোদনা ঘোষণা করা হয়। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, এর প্রভাবে বাংলা কিউআর লেনদেন দ্রুত বেড়েছে। গত জুলাইয়ে এ ব্যবস্থায় দৈনিক গড় লেনদেন ছিল প্রায় ৩৭ কোটি টাকা। সেপ্টেম্বরে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৫০ কোটি টাকায়।
সংশ্লিষ্টদের মতে, ডিজিটাল ব্যাংক প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার বিকল্প নয়; বরং পরিপূরক হিসেবে কাজ করবে। এর মাধ্যমে ব্যাংকিং সেবার আওতা বাড়ার পাশাপাশি ক্ষুদ্র উদ্যোক্তা ও ব্যাংকিং সুবিধাবঞ্চিত মানুষের জন্য নতুন সুযোগ তৈরি হতে পারে।
এএইচ/পিএস