বিশ্ববাজারে বাংলাদেশি তৈরি পোশাকের দাম ক্রমাগত কমছে এবং প্রধান দুই রপ্তানি বাজার যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোতে এই অবস্থার আরো অবনতি হয়েছে। বর্তমান বাজারে বৈশ্বিক গড় দরের চেয়ে কম দামে তৈরি পোশাক পাঠাচ্ছে বাংলাদেশ, যা প্রতিযোগী দেশগুলোর তুলনায় অনেক কম। এতে বেশি পণ্য পাঠিয়েও আয়ের অঙ্ক ঠিক রাখা যাচ্ছে না। ফলে চলতি বছরের প্রথম ৯ মাসে তৈরি পোশাক রপ্তানির বিপরীতে যুক্তরাষ্ট্রের বাজার থেকে ৪.৫৭ শতাংশ এবং ইইউ থেকে ১১.৯১ শতাংশ আয় কমেছে।
যুক্তরাষ্ট্রের অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের (ওটেক্সা) তথ্যমতে, চলতি বছরের প্রথম ৯ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাকের ইউনিট মূল্য কমে প্রতি বর্গমিটার ৩.০৭ ডলারে নেমেছে। যেখানে বিশ্ববাজার থেকে যুক্তরাষ্ট্রের আমদানি করা পোশাকের গড় ইউনিট মূল্য ছিল ৩.১৮ ডলার। দরপতন ও চাহিদা কমায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি আয় কমে ৬১৩ কোটি ৫৫ লাখ ডলারে দাঁড়িয়েছে।
অন্যদিকে ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, ইইউর বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের প্রতি কেজির গড় ইউনিট মূল্য ৬.৫৪ শতাংশ কমে ১৩.৭০ ইউরোতে নেমেছে। অথচ ইইউর বাজারে পোশাকের বৈশ্বিক গড় মূল্য ১৯.৫৯ ইউরো। এই দরপতনের কারণে ইইউতে বাংলাদেশের রপ্তানি আয় কমে ১৩৪ কোটি ৭৭ লাখ ইউরোতে নেমেছে।
রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্প মালিকরা এই পরিস্থিতির জন্য মৌলিক পোশাকের ওপর অতিনির্ভরতা, কাঁচামালের দাম বেড়ে যাওয়া এবং অভ্যন্তরীণ অসম প্রতিযোগিতাকে দায়ী করেছেন। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) মতে, টি-শার্ট, ট্রাউজার ও সোয়েটারের মতো মৌলিক পোশাকপণ্য বাংলাদেশের মোট তৈরি পোশাক রপ্তানির প্রায় ৮০ শতাংশ। অন্যদিকে বৈশ্বিক চাহিদার বড় অংশ তুলাবহির্ভূত পণ্যের হলেও বাংলাদেশের রপ্তানির ৭২.৭ শতাংশই তুলাভিত্তিক পণ্য।
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, নিম্ন ও মধ্যম দামের পণ্য উৎপাদনই ইউনিট মূল্য কম হওয়ার অন্যতম কারণ। দেশের পোশাকের দাম বাড়াতে হলে পণ্যের বৈচিত্র্য ও মানোন্নয়নের পাশাপাশি সংযোগ শিল্পকে শক্তিশালী করতে হবে। তবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানির অপর্যাপ্ততা নতুন বিনিয়োগ ও উৎপাদন সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
বিজিএমইএর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল জানান, ঐতিহ্যবাহী বাজারের পাশাপাশি সম্ভাবনাময় নতুন বাজারের দিকে মনোযোগ দেওয়ার এবং মৌলিক পণ্যের বাইরে বৈচিত্র্যপূর্ণ পণ্য তৈরির দিকে নজর দিতে হবে। স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর শুল্কমুক্ত সুবিধা হারানোর ঝুঁকি মোকাবিলায় এখনই এই অবস্থা উত্তরণের তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা।
এসএইচ