ঢাকা: আগামী বছরের প্রথম সোমবার, অর্থাৎ ৪ জানুয়ারি থেকে শেয়ার লেনদেন নিষ্পত্তির সময় বর্তমানের ‘টি+২’ থেকে কমিয়ে ‘টি+১’-এ আনার সিদ্ধান্ত নিয়েছে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
বুধবার (১৮ নভেম্বর) নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কার্যালয়ে সংস্থাটির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত জানিয়েছে স্টক এক্সচেঞ্জটি। বিএসইসি ও ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, সিদ্ধান্তটি কার্যকর হলে কোনো বিনিয়োগকারী যেদিন শেয়ার কিনবেন, পরদিনই শেয়ার বুঝে পাবেন। অন্যদিকে বিক্রি করলে পরদিনই অর্থ বুঝে পাবেন। বর্তমানের ‘টি+২’ ব্যবস্থায় তৃতীয় দিনে শেয়ার বা শেয়ার বিক্রির অর্থ বুঝে পাওয়া যায়।
দায়িত্ব গ্রহণের পর থেকে বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান শেয়ারবাজারের লেনদেন সময় কমানোর বিষয়ে তাগিদ দিয়ে আসছেন। এ বিষয়ে স্টক এক্সচেঞ্জ ও ব্রোকারেজ হাউসগুলোর শেয়ার কেনাবেচা ও কমিশন আয় বাড়বে বলে আশা করছে।
বিএসইসির বর্তমান কমিশন মনে করছে, এর মাধ্যমে দেশের শেয়ারবাজারের দক্ষতা প্রমাণ হবে। লেনদেন নিষ্পত্তির সময় কমিয়ে আনার কারণে বিনিয়োগকারীরা দ্রুত শেয়ার বা অর্থ বুঝে পাবেন। তবে বিদ্যমান ব্যবস্থায় লেনদেন নিষ্পত্তি দ্রুততর করতে ব্যাংকের চেকে শেয়ার কেনাবেচার সুযোগ কমবে।
তাৎক্ষণিক অর্থ লেনদেন ব্যবস্থা আরটিজিএসে যুক্ত হতে হবে বলেও জানান সংশ্লিষ্টরা। আবার বিদেশি বিনিয়োগকারী শেয়ার বিক্রি করলে তা বুঝে পেতে সময় বেশি লাগতে পারে। সে ক্ষেত্রে ব্রোকারেজ হাউসগুলোর পক্ষ থেকে ‘শেয়ার লেন্ডিং অ্যান্ড বোরোয়িং’ ব্যবস্থার মাধ্যমে সমস্যা সমাধানের প্রস্তাব করেছে।
লেনদেন নিষ্পত্তি সময় ‘টি+১’-এ নামিয়ে আনা সংক্রান্ত বৈঠকে বিএসইসির চেয়ারম্যান ছাড়াও অংশ নেন সংস্থাটির কমিশনার নাফিজ আল তারিক, হোসেন সাদাত, ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার, ভারপ্রাপ্ত সিআরও শফিকুল ইসলাম ভূঁইয়াসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ব্রোকারেজ হাউসগুলোর মধ্যে লংকাবাংলা, সিটি, ব্র্যাক ইপিএল, ইউসিবি ও আইডিএলসির প্রধান নির্বাহীরা অংশ নেন। বিদেশি বিনিয়োগকারীদের কাস্টডিয়ান সেবা প্রদানকারী স্ট্যান্ডার্ড চার্টার্ড, এইচএসবিসি, সিটিএনএ এবং ব্যাংক অব সিলনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
এএইচ/পিএস