ঢাকা: ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ডেনিম পোশাকের বাজারে শীর্ষস্থান ধরে রেখেছে বাংলাদেশ। তবে চলতি বছরের প্রথম নয় মাসে দেশটির বাজার হিস্যা কমেছে। এ সময়ে বাংলাদেশ থেকে ডেনিম আমদানি কমিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। অন্যদিকে মিসর ও চীনের রপ্তানি উল্লেখযোগ্য হারে বেড়েছে। ফলে তুরস্ক ও পাকিস্তানের বাজার হিস্যা কমলেও সেই সুযোগের বড় অংশ নিতে পারেনি বাংলাদেশ।
ইউরোপীয় পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের তথ্যের ভিত্তিতে বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের (বিএভি) এক বিশ্লেষণে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো মোট ৩৪২ কোটি ইউরোর ডেনিম আমদানি করেছে। গত বছরের একই সময়ের তুলনায় এ আমদানি কমেছে ৩ দশমিক ২৪ শতাংশ।
এ সময়ে বাংলাদেশ থেকে ডেনিম আমদানি কমেছে ৫ দশমিক ৪৮ শতাংশ। এর পরিমাণ দাঁড়িয়েছে ১০১ কোটি ইউরো। ফলে ইউরোপের ডেনিম বাজারে বাংলাদেশের হিস্যা ৩০ দশমিক ১৮ শতাংশ থেকে কমে ২৯ দশমিক ৪৮ শতাংশে নেমেছে।
তবে আগস্ট ও সেপ্টেম্বর মাসে ইউরোপের ডেনিম আমদানিতে ইতিবাচক প্রবণতা দেখা গেছে। আগস্টে আমদানি বেড়েছে ১১ দশমিক ৯১ শতাংশ এবং সেপ্টেম্বরে ৩ দশমিক ৬৬ শতাংশ। কিন্তু এই প্রবৃদ্ধির পুরো সুবিধা নিতে পারেনি বাংলাদেশ। সেপ্টেম্বরে দেশটিতে বাংলাদেশের ডেনিম রপ্তানি বেড়েছে মাত্র শূন্য দশমিক ৭০ শতাংশ। ওই মাসে রপ্তানির পরিমাণ ছিল ১৪ কোটি ৩১ লাখ ২০ হাজার ইউরো।
ইউরোপের বাজারে বাংলাদেশের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তান। তবে দেশটির ডেনিম রপ্তানিও কমেছে। প্রথম নয় মাসে পাকিস্তান থেকে ইউরোপীয় ইউনিয়নের আমদানি কমেছে ৬ দশমিক ৬৩ শতাংশ। দেশটির রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ৬০ কোটি ৯৭ লাখ ইউরো। এতে বাজার হিস্যা হয়েছে ১৭ দশমিক ৮৫ শতাংশ।
অন্যদিকে তুরস্কের ডেনিম রপ্তানিতে বড় ধস নেমেছে। দেশটি থেকে ইউরোপীয় ইউনিয়নের আমদানি কমেছে ২০ দশমিক ২৭ শতাংশ। রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ৪৯ কোটি ৮১ লাখ ইউরো। ফলে বাজার হিস্যা ১৭ দশমিক ৭০ শতাংশ থেকে কমে ১৪ দশমিক ৫৮ শতাংশ হয়েছে।
তবে এই বাজারে দ্রুত অবস্থান শক্ত করছে মিসর ও চীন। প্রথম নয় মাসে মিসরের ডেনিম রপ্তানি বেড়েছে ৩৪ দশমিক ৯৭ শতাংশ। দেশটির রপ্তানি দাঁড়িয়েছে ২২ কোটি ৫৭ লাখ ৬০ হাজার ইউরো। গত বছরের একই সময়ের তুলনায় তাদের রপ্তানি বেড়েছে ৫ কোটি ৮৪ লাখ ৯০ হাজার ইউরো। অন্যদিকে চীনের রপ্তানি বেড়েছে ২০ দশমিক ২৩ শতাংশ, যা দাঁড়িয়েছে ২৩ কোটি ৫ লাখ ৪০ হাজার ইউরো।
বিএভির বিশ্লেষণে বলা হয়েছে, তুরস্ক ও পাকিস্তানের রপ্তানি কমে যাওয়ায় ইউরোপের ডেনিম বাজারে যে সুযোগ তৈরি হয়েছে, বাংলাদেশ তা কাজে লাগাতে পারছে না। বরং ওই দুই দেশের হারানো বাজারের বড় অংশ দখল করছে মিসর ও চীন।
বিশ্লেষকদের মতে, ইউরোপের বাজারে শীর্ষ অবস্থান ধরে রাখার পাশাপাশি বাজার হিস্যা বাড়ানো বাংলাদেশের ডেনিম শিল্পের জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে উঠছে।
এএইচ/পিএস