৬ মাসে এলএনজি ভর্তুকিতে ব্যয় ৩৪ হাজার কোটি টাকা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৬, ০৮:০৪ পিএম
ফাইল ছবি

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিতে সরকারের আর্থিক চাপ ক্রমেই বাড়ছে। চলতি বছরের মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত মাত্র ছয় মাসে এ খাতে ৩৪ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে। এ অবস্থায় নতুন এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা থেকে সরে এসে নবায়নযোগ্য জ্বালানির সক্ষমতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামে তিন দিনব্যাপী চতুর্থ বাংলাদেশ জ্বালানি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। ‘জ্বালানি নিরাপত্তায় নবায়নযোগ্য জ্বালানির কোনো বিকল্প নেই’ প্রতিপাদ্যে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, শুধু বিদ্যুৎ উৎপাদন বাড়ালেই জ্বালানি সংকটের সমাধান হবে না। উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার প্রতিটি পর্যায়ে দক্ষতা বাড়াতে হবে। এলএনজি আমদানিতে ভর্তুকি দিতে গিয়ে রাষ্ট্রের ওপর বিপুল আর্থিক চাপ তৈরি হচ্ছে। তাই আমদানি-নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির সক্ষমতা বাড়াতে হবে।

অর্থ উপদেষ্টা জানান, ২০৩০ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য জ্বালানির অংশ ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। এ জন্য ১ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এ অর্থ থেকে গ্রামের মানুষ ৬ শতাংশ সুদে ১২ বছরে পরিশোধযোগ্য ঋণ নিয়ে সৌরবিদ্যুৎ স্থাপন করতে পারবেন। সরকারি ও বাণিজ্যিক ভবনের ছাদের পাশাপাশি উপযুক্ত কৃষিজমিতেও এ ব্যবস্থা সম্প্রসারণের সুযোগ রয়েছে।

স্বাগত বক্তব্যে বাংলাদেশের প্রতিবেশ ও উন্নয়ন বিষয়ক কর্মজোটের (বিডব্লিউজিইডি) সদস্যসচিব হাসান মেহেদী বলেন, সুন্দরবনের হিরণ পয়েন্ট ও মোংলার মতো সংবেদনশীল এলাকায় নতুন করে পাঁচটি এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা গ্রহণযোগ্য নয়। এক কার্গো এলএনজি আমদানির অর্থ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করলে দীর্ঘমেয়াদি সুফল পাওয়া যাবে। বড় বিদ্যুৎকেন্দ্রের ওপর নির্ভর না করে সাধারণ মানুষকে বিদ্যুৎ উৎপাদন ও ব্যবস্থাপনায় যুক্ত করার পরামর্শ দেন তিনি।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, দেশীয় ও আন্তর্জাতিক লবির প্রভাবে জীবাশ্ম জ্বালানি দেশের জ্বালানি খাতে প্রাতিষ্ঠানিক আধিপত্য প্রতিষ্ঠা করেছে। এ আধিপত্য ভাঙতে হলে নবায়নযোগ্য জ্বালানিকে বিকল্প হিসেবে নয়, বরং জাতীয় জ্বালানি ব্যবস্থার অগ্রাধিকার হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।

বিডব্লিউজিইডির আহ্বায়ক ড. কাজী মারুফুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অধিবেশনে আরও বক্তব্য দেন লিডের প্রধান নির্বাহী আবদুল্লাহ আল নোমান, এথিক্যাল ট্রেডিং ইনিশিয়েটিভ বাংলাদেশের নির্বাহী পরিচালক আবিল বিন আমিন, সেন্টার ফর রিনিউএবল এনার্জি সার্ভিসেস লিমিটেডের চেয়ারম্যান শাহরিয়ার আহমেদ চৌধুরী, সেফটি অ্যান্ড রাইটস সোসাইটির নির্বাহী পরিচালক সেকেন্দার আলী মীনা, সিটি ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক আশানুর রহমান এবং বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউএবল এনার্জি অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা আল মাহমুদ।

বিডব্লিউজিইডির উদ্যোগে ও ১৪টি সংগঠনের সহযোগিতায় আয়োজিত তিন দিনের এ সম্মেলনে সাড়ে তিন শতাধিক অংশীজন অংশ নিচ্ছেন। ১৩টি বিষয়ভিত্তিক অধিবেশনে জ্বালানি নীতি সংস্কার, এলএনজি ও কয়লার ঝুঁকি, অর্থায়ন ও জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা শেষে সমাপনী দিনে একটি ঘোষণাপত্র প্রকাশ করা হবে।

এসএইচ