স্বর্ণের ভরি হতে পারে পৌনে ৫ লাখ টাকা: এফএক্সএম্পায়ারের বিশ্লেষক

  • নিউজ ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৬, ০৯:৩২ পিএম

কয়েক মাস ধরে দাম কমার পর এবার স্বর্ণের দাম আবার বাড়তে পারে বলে মনে করছেন এক বিশ্লেষক। তার পূর্বাভাস সত্যি হলে ২০৩০ সালের মধ্যে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ১০ হাজার ডলারে পৌঁছাতে পারে। বাংলাদেশি মুদ্রায় বর্তমান বিনিময় হার অনুযায়ী যার মূল্য প্রায় ১২ লাখ ৫০ হাজার টাকা। খবর লাইভমিন্টের।

১০ হাজার ডলার আউন্সপ্রতি হলে প্রতি ভরি স্বর্ণের দাম কত দাঁড়াবে, সেই হিসাবও বেশ চমকপ্রদ। এক ট্রয় আউন্স সমান ৩১ দশমিক ১০৩৫ গ্রাম এবং এক ভরি সমান ১১ দশমিক ৬৬৪ গ্রাম। সে হিসাবে প্রতি আউন্স ১২ লাখ ৫০ হাজার টাকা হলে প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়াবে প্রায় ৪ লাখ ৬৯ হাজার টাকা। এটি আন্তর্জাতিক দামের ভিত্তিতে করা হিসাব; এর সঙ্গে আমদানি শুল্ক, কর, মজুরি ও স্থানীয় বাজারের অন্যান্য খরচ যুক্ত হয়নি।

যুক্তরাষ্ট্রভিত্তিক বাজার বিশ্লেষণ প্রতিষ্ঠান এফএক্সএম্পায়ারের কারিগরি বিশ্লেষক এজি থরসন গত ২৭ নভেম্বর প্রকাশিত এক বিশ্লেষণে এ পূর্বাভাস দেন। তার মতে, গত ২৫ নভেম্বর স্বর্ণের দামে দীর্ঘমেয়াদি সংশোধনের সর্বনিম্ন পর্যায় তৈরি হয়ে থাকতে পারে। তবে বাজারের ঘুরে দাঁড়ানো এখনো নিশ্চিত নয়।

থরসনের বিশ্লেষণ অনুযায়ী, স্বর্ণের দামের সাম্প্রতিক ওঠানামায় ১০৪ কার্যদিবসের একটি চক্র দেখা যাচ্ছে। ২০২৫ সালের সেপ্টেম্বরে শুরু হওয়া বড় দরবৃদ্ধি ১০৪ কার্যদিবস স্থায়ী হয়েছিল। এরপর ২০২৬ সালের মাঝামাঝি পর্যন্ত প্রথম দফার দরপতনও একই সময় ধরে চলে। গত জুনের শেষ দিকের সর্বনিম্ন দর থেকে ১০৪ কার্যদিবস পর, গত ২৫ নভেম্বর স্বর্ণ আবার সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে বলে মনে করছেন তিনি।

এই ধারাবাহিকতাকে দীর্ঘমেয়াদি ঊর্ধ্বমুখী বাজারের নতুন পর্ব শুরুর সম্ভাব্য সংকেত হিসেবে দেখছেন থরসন। তার ধারণা, ২০২৬ সালের দরপতন ছয় বছরব্যাপী একটি ঊর্ধ্বমুখী বাজারের মাঝামাঝি সংশোধন হতে পারে।

শুধু স্বর্ণ নয়, রুপার দামও দীর্ঘ মেয়াদে বাড়তে পারে বলে মনে করেন এই বিশ্লেষক। তার পূর্বাভাস, দশকের শেষ নাগাদ প্রতি আউন্স রুপার দাম ৩০০ ডলারে পৌঁছাতে পারে। প্লাটিনামের বাজারেও একই ধরনের পুনরুদ্ধারের সম্ভাবনা দেখছেন তিনি।

তবে এই পূর্বাভাস পুরোপুরি কারিগরি বিশ্লেষণনির্ভর। বিশ্ব স্বর্ণ কাউন্সিলের অক্টোবরের মূল্যায়নে বলা হয়েছে, স্বর্ণের বাজারে জল্পনামূলক বিনিয়োগ এখনো বেশি। ফলে টেকসই পুনরুদ্ধারের আগে আরও দরপতন বা অস্থিরতা দেখা দিতে পারে।

এম