ঢাকা: এমপিওভুক্ত বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত শিক্ষকদের আট মাসের বকেয়া বেতন সংক্রান্ত জরুরি নির্দেশনা দিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর বি. এম. আব্দুল হান্নান।
রোববার (১ ফেব্রুয়ারি) এ নির্দেশনা জারি করা হয়। এতে আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে প্রতিষ্ঠান প্রধানদের বকেয়া বেতন বিল জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়, মাউশি অধিদপ্তরাধীন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত জনবলদের বেতন ডিসেম্বর-২০২৪ থেকে জুলাই-২০২৫ পর্যন্ত সরাসরি তাদের ব্যাংক হিসাব নম্বরে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে পাঠানো হয়েছে। ইএফটির জন্য প্রতিষ্ঠান প্রধানদের মাধ্যমে তাদের প্রতিষ্ঠানের এমপিওভুক্ত সব শিক্ষকের জাতীয় পরিচয়পত্র ও ব্যাংক তথ্য সংগ্রহ করা হয় এবং এরপর ইবিএএস++ সিস্টেমে যাচাই করা হয়। যদি কোনো তথ্য ভুল হিসেবে শনাক্ত হয়, তবে তা সঠিক হওয়ার পর বিল সাবমিট অপশনে যুক্ত করে বকেয়া বেতন পাঠানো হয়।
নির্দেশনায় প্রফেসর বি. এম. আব্দুল হান্নান বলেন, যে প্রতিষ্ঠানের শিক্ষক বা কর্মচারীর কোনো মাসের বেতন বা উৎসবভাতা বকেয়া আছে, সেই প্রতিষ্ঠানের প্রধানরা ইএমআইএস সিস্টেমের এমপিও-ইএফটি মডিউলে লগইন করে বিল সাবমিট অপশন থেকে প্রতিটি মাসের বিল আলাদাভাবে সাবমিট করবেন। দাখিলকৃত তথ্যের ভিত্তিতে শিক্ষকদের বকেয়া অর্থ পাঠানো হবে।
ইএফটি চালু হওয়ার পর ডিসেম্বর-২০২৪ থেকে জুলাই-২০২৫ পর্যন্ত কোনো শিক্ষক ইতোমধ্যেই অনলাইন এমপিও আবেদন করে বকেয়া পেয়ে থাকলে, তাদের ক্ষেত্রে পেমেন্ট নেই অপশন ব্যবহার করতে হবে।
পিএস