ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) উদ্যোগে নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে মেয়েদের পাঁচটি হলে টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করা এবং প্রতিরোধমূলক চিকিৎসাসেবাকে হল পর্যায়ে সহজলভ্য করার লক্ষ্যেই এই কর্মসূচি গ্রহণ করা হয়।
এরই ধারাবাহিকতায় সোমবার (২ ফেব্রুয়ারি) কবি সুফিয়া কামাল হলে টিকাদান কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলা এ কার্যক্রমে কবি সুফিয়া কামাল হলের আবাসিক ও অনাবাসিক মিলিয়ে প্রায় ৬০০ শিক্ষার্থী টিকা গ্রহণ করেন। পর্যায়ক্রমে মেয়েদের আরও চারটি হলে একই ধরনের টিকাদান কর্মসূচি পরিচালনা করা হবে।
টিকা সেবা প্রদানের অংশ হিসেবে টিটেনাস, জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধক এইচপিভি (HPV) টিকা (যা বেসরকারি হাসপাতাল/ক্লিনিকে সাধারণত ২,৫০০ থেকে ৪,০০০ টাকা) টাইফয়েড টিকা (যার বেসরকারি মূল্য প্রায় ২,৫০০ টাকা) প্রদান করা হয়। এছাড়া বেসরকারি উদ্যোগে (ভ্যাটমুক্ত মূল্যে) প্রদান করা হয় হেপাটাইটিস–এ, হেপাটাইটিস–বি, ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া এবং অন্যান্য প্রয়োজনীয় টিকা।
ডাকসুর কার্যনির্বাহী সদস্য সাবিকুন্নাহার তামান্না বলেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবার অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সঙ্গে সমন্বয় করে বিনামূল্যের টিকাদান কর্মসূচির আয়োজন করেছি। আমাদের মূল উদ্দেশ্য হলো নারী শিক্ষার্থীদের শারীরিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং তাদের জন্য প্রয়োজনীয় প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা সহজলভ্য করা।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের ব্যাপক সাড়া দেখে আমরা বুঝতে পেরেছি, ভবিষ্যতে আরও বেশি শিক্ষার্থীর জন্য টিকা প্রদানের প্রয়োজন হবে। পাঁচটি হলের কার্যক্রম সম্পন্ন হওয়ার পর পুনরায় নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে, যাতে শিক্ষার্থীরা তাদের প্রয়োজন অনুযায়ী টিকা গ্রহণ করতে পারে।
সাবিকুন্নাহার তামান্না জানান, প্রয়োজনীয় কিছু টিকা সবার জন্য গ্রহণ করা অত্যন্ত জরুরি। বেসরকারিভাবে গ্রহণ করলে যেসব টিকার জন্য ২ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত খরচ হয়, সেগুলো সিটি করপোরেশনের সহযোগিতায় সম্পূর্ণ বিনামূল্যে প্রদানের উদ্যোগ নিয়েছে ডাকসু। আজ কবি সুফিয়া কামাল হলের আবাসিক ও অনাবাসিক সকল শিক্ষার্থীদের এ সেবা প্রদান করা হয়েছে। পর্যাক্রমে মেয়েদের সকল হলে এ সেবা পৌঁছানো হবে।
তিনি আরও জানান, শিক্ষার্থীদের মধ্যে টিকাদান বিষয়ে ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে। পুশিং চার্জ হিসেবে মাত্র ৩০ টাকা গ্রহণ করেছে। টিকা রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে প্রাণঘাতী ও সংক্রামক রোগ থেকে সুরক্ষা দেয় এবং ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি সামগ্রিক জনস্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করে। এর মাধ্যমে শিক্ষার্থী বোনদের স্বাস্থ্যসচেতনতা বাড়বে এবং দীর্ঘমেয়াদে একটি সুস্থ ও নিরাপদ ক্যাম্পাস গড়ে উঠবে।
এসময় উপস্থিত ছিলেন কবি সুফিয়া কামাল হল সংসদের সাংস্কৃতিক সম্পাদক তাহমিদা আকবর, কার্যনির্বাহী সদস্য নাফিসা সামিহা মাইশা এবং ফাহিমা শারমিন শাকি প্রমুখ।
পিএস