বদলি নিয়ে শিক্ষকদের বড় দুঃসংবাদ দিল মন্ত্রণালয়

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০৭:৫২ পিএম
ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বদলি চালুর উদ্যোগে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীনকে সরিয়ে দেওয়ার পর সফটওয়্যারের ডেমো প্রদর্শনী নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, বর্তমানে সচিবের রুটিন দায়িত্ব পালন করছেন প্রশাসন শাখার অতিরিক্ত সচিব। নিয়মিত সচিব না থাকায় সফটওয়্যারের ডেমো প্রদর্শনী নিয়ে সভা না হওয়ার সম্ভাবনাই বেশি। তবে রুটিন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমেই কার্যক্রম শেষ করার চেষ্টা চলছে।

নাম প্রকাশ না করার শর্তে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা বলেন, নিয়মিত সচিব না থাকায় ডেমো প্রদর্শনীর বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। একই সঙ্গে নতুন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের কর্মপরিকল্পনা তৈরির কাজও চলছে। ফলে সভা কবে হবে, সেটি নিশ্চিত নয়।

জানা গেছে, আগে এনটিআরসিএ–এর সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের বদলির সুযোগ ছিল না। গণবিজ্ঞপ্তিতে আবেদন করে প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ থাকলেও চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকে শিক্ষা মন্ত্রণালয় সেই সুযোগ বন্ধ করে দেয়। পরে শিক্ষকদের আন্দোলনের মুখে বদলি চালুর উদ্যোগ নেয় মন্ত্রণালয় এবং একটি নীতিমালা প্রণয়ন করা হয়।

তবে শিক্ষকদের একাংশের রিট, সফটওয়্যার প্রস্তুত না হওয়া এবং নীতিমালা সংশোধনসহ নানা কারণে এখনো বদলি কার্যক্রম শুরু হয়নি। সংশোধিত নীতিমালা জারি হলেও সফটওয়্যার পুরোপুরি প্রস্তুত না হওয়ায় বদলি চালু নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

এসএইচ