শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য ‘অতীব জরুরি’ নির্দেশনা জারি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২৫, ২০২৬, ০৪:৫৭ পিএম
ফাইল ছবি

ঢাকা: দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকে এই কমিটির আহ্বায়ক করা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলাল চৌধুরীর সই করা বিজ্ঞপ্তিতে ঈদুল ফিতর-পরবর্তী সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি ও পরবর্তী কার্যক্রম নিয়ে ৫ দফা জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় বিষয়টিকে ‘অতীব জরুরি’ উল্লেখ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিচের পদক্ষেপগুলো বাস্তবায়নের অনুরোধ জানিয়েছে:

* ২০২৬ সালের ঈদুল ফিতরের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগেই সম্পূর্ণ ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন নিশ্চিত করতে হবে।

* প্রতিদিন শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখা হচ্ছে কি না, তা নিশ্চিত করতে তদারকি ব্যবস্থা জোরদার করতে হবে।

* কেবল পরিচ্ছন্নতা কর্মীদের ওপর নির্ভর না করে প্রতি সপ্তাহে শিক্ষক ও শিক্ষার্থীদের প্রত্যক্ষ অংশগ্রহণে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে হবে।

* প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ এবং সৃজিত বাগানের নিয়মিত পরিচর্যা নিশ্চিত করতে হবে।

* শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে নিয়মিত উদ্বুদ্ধকরণ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে।

পিএস