১০ হাজার ৫৬৮ প্রতিষ্ঠানে ফ্রি ওয়াইফাই চালু করছে সরকার

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ০৭:৪৩ পিএম
ফাইল ছবি

দেশের ৮ হাজারের বেশি মাদ্রাসাসহ মোট ১০ হাজার ৫৬৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহারের আলোকে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়নে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে ২ হাজার ৩৩৬টি কারিগরি ও ৮ হাজার ২৩২টি মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই চালু করা হবে।

তিনি জানান, প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সহায়তা দিতে ১৩টি জেলা ও ৩টি সিটি করপোরেশনে ৩৭ হাজার ৮১৪টি পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে মাসে ২ হাজার ৫০০ টাকা দেওয়া হচ্ছে। পাশাপাশি কৃষি খাতে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে, এতে প্রায় ১৩ লাখ ১৭ হাজার ৫০০ কৃষক উপকৃত হবেন।

এ ছাড়া ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের সম্মানি ভাতা প্রদান, ই-হেলথ কার্ড চালু এবং খেলাধুলার অবকাঠামো উন্নয়নেও কর্মসূচি নেওয়া হয়েছে। পাঁচটি জেলায় পরীক্ষামূলকভাবে ই-হেলথ কার্ড চালুর পরিকল্পনা রয়েছে।

প্রধানমন্ত্রী আরও জানান, প্রতিটি ইউনিয়ন ও উপজেলায় উন্মুক্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে হাই-টেক ও সফটওয়্যার পার্ক কার্যকরভাবে পরিচালনা এবং দেশে পেপ্যাল সেবা চালুর লক্ষ্যে একটি কমিটি কাজ করছে।

সংসদের অধিবেশন স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন সংসদ সদস্যরা। সূত্র: বাসস

এসএইচ