বিএম কলেজের নতুন উপাধ্যক্ষ অধ্যাপক কাজী জাবের

  • বিএম কলেজ প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৬, ০৯:২৪ পিএম
ছবি: প্রতিনিধি

বরিশালের ঐতিহ্যবাহী সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের নতুন উপাধ্যক্ষ হিসেবে পদায়ন পেয়েছেন একই কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী জাবের আহমেদ।

আজ রোববার (২৭ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখার এক প্রজ্ঞাপনে তাকে এ পদে পদায়ন করা হয়। পদায়নের পরপরই রোববার সন্ধ্যায় তিনি বিএম কলেজের উপাধ্যক্ষ পদে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

তার যোগদান অনুষ্ঠানে বরিশাল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. মহিউদ্দিন, তালতলী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোস্তাফিজুর রহমান, মাউশির আঞ্চলিক পরিচালক জাকির হোসেন, উপপরিচালক মো. নাজমুলসহ অবসরপ্রাপ্ত শিক্ষক এবং বরিশালের বিভিন্ন কলেজের শতাধিক শিক্ষক-কর্মকর্তা উপস্থিত ছিলেন।

অধ্যাপক কাজী জাবের আহমেদ ১৮তম বিসিএসের মাধ্যমে চাখারের সরকারি ফজলুল হক কলেজে পদার্থবিজ্ঞানের প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি ক্রমান্বয়ে আটটি কলেজে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি অধ্যাপক হিসেবে বিএম কলেজে ইনসিটু কর্মরত ছিলেন। সেখান থেকেই তাকে প্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ পদে পদায়ন করা হয়।

নতুন দায়িত্বপ্রাপ্ত উপাধ্যক্ষ অধ্যাপক কাজী জাবের আহমেদ বলেন, সরকারের শিক্ষা পরিকল্পনা বাস্তবায়ন এবং শিক্ষক-শিক্ষার্থীদের অধিকার রক্ষায় তিনি সর্বদা সচেতন থাকবেন।

উল্লেখ্য, অধ্যাপক কাজী জাবের আহমেদ বর্তমানে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের বরিশাল জেলা সভাপতির দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ১৮তম বিসিএস (অল-ক্যাডার) ফোরামের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এসএইচ