কনসার্ট আয়োজনের দাবিতে বাকৃবি প্রশাসনের কাছে ছাত্রদল 

  • বাকৃবি প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৬, ০৫:৩৬ পিএম
ছবি: প্রতিনিধি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নবনিযুক্ত ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. আবদুল আলীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ক্যাম্পাসে কনসার্ট আয়োজন, আবাসিক হলগুলোতে নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে নবনিযুক্ত ছাত্রবিষয়ক উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে এসব দাবি তুলে ধরা হয়।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম, বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কৃষিবিদ মো. আতিকুর রহমান, সদস্যসচিব কৃষিবিদ মো. শফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কৃষিবিদ এ এম শোয়াইবসহ বিভিন্ন হলের নেতাকর্মীরা।

এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ, সমস্যা সমাধান, উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ সম্প্রসারণ এবং শিক্ষার মানোন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি একাডেমিক কার্যক্রমের চাপ দূর করে বিনোদনের সুযোগ বাড়াতে ক্যাম্পাসে কনসার্ট এবং আবাসিক হলগুলোতে নিয়মিত সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠান আয়োজনের দাবি জানান তারা।

বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত সমস্যা তুলে ধরে শাখা ছাত্রদলের আহ্বায়ক কৃষিবিদ মো. আতিকুর রহমান জানান, জব্বার মোড় থেকে প্রথম গেট পর্যন্ত সড়কটির বেহাল অবস্থার কারণে যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই সড়কটি দ্রুত পুনর্নির্মাণে প্রশাসনের কার্যকর উদ্যোগ প্রয়োজন।

এ ছাড়া ক্যাম্পাসে সব ছাত্রসংগঠনের সহাবস্থান নিশ্চিত করা এবং স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমে রাজনৈতিক পরিচয়ের পরিবর্তে মানবিক মূল্যবোধকে প্রাধান্য দেওয়ার প্রস্তাব দেন তারা। সাক্ষাৎ শেষে নবনিযুক্ত ছাত্রবিষয়ক উপদেষ্টাকে 'নন্দিত রাষ্ট্রনায়ক: জিয়াউর রহমান' এবং 'জননায়ক তারেক রহমান' শীর্ষক দুটি বই উপহার দেওয়া হয়।

নবনিযুক্ত ছাত্রবিষয়ক উপদেষ্টা ড. মো. আবদুল আলীম শুভেচ্ছা ও অভিনন্দনের জন্য নেতাকর্মীদের ধন্যবাদ জানান। তিনি শিক্ষার্থীদের এসব দাবি ও প্রস্তাব বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধিবিধান অনুসরণ করে গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।

এসএইচ