এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের জন্য আয়োজিত সাপ্লিমেন্টারি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২ ডিসেম্বর এই পরীক্ষা গ্রহণের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। প্রশ্নপত্র প্রণয়ন সাপেক্ষে এই শিডিউল চূড়ান্ত করা হয়।
শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এই তথ্য জানা গেছে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক কর্মপরিকল্পনায় এসব তথ্য তুলে ধরা হয়।
কর্মপরিকল্পনা অনুযায়ী, আগামী ৩ নভেম্বর থেকে সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ শুরু হয়ে চলবে ৮ নভেম্বর পর্যন্ত। আবেদন প্রক্রিয়া শুরুর আগেই আগামী ১ নভেম্বর থেকে প্রশ্নপত্র প্রণয়নের কাজ শুরু হবে, যা চলবে আগামী ২০ নভেম্বর পর্যন্ত।
পরিকল্পনায় আরও উল্লেখ করা হয়েছে, প্রশ্নপত্র প্রণয়ন সাপেক্ষে আগামী ২ ডিসেম্বর পরীক্ষা গ্রহণের পর চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
প্রসঙ্গত, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল শনিবার প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফলে এক বা একাধিক বিষয়ে অনেক পরীক্ষার্থী অকৃতকার্য হন। এর মধ্যে শুধু এক বা দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের কথা বিবেচনা করে এই বিশেষ সাপ্লিমেন্টারি পরীক্ষা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এসএইচ