উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের পরীক্ষা আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হবে। এ পরীক্ষা অনুষ্ঠিত হবে ২ ও ৩ ডিসেম্বর। পরবর্তীতে আগামী ২৩ ডিসেম্বর এ পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর মাতুয়াইলে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে গিয়ে এ কথা জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ, যা গত দুই দশকের মধ্যে সর্বনিম্ন। গত বছর পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ, সেই হিসাবে এবার পাসের হার ৬ দশমিক ৭১ শতাংশ কমেছে।
এ বছর মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। উত্তীর্ণদের মধ্যে ছাত্রী ৩ লাখ ৫৬ হাজার ৫২৮ জন (পাসের হার ৫৬.৩১%) এবং ছাত্র ২ লাখ ৯০ হাজার ১৫৭ জন (পাসের হার ৪৭.৭৫%)।
এ বছর মোট ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন, যার মধ্যে ২০ হাজার ৩৬৩ জন ছাত্র এবং ১৯ হাজার ৭২১ জন ছাত্রী। গত বছর জিপিএ-৫ পেয়েছিলেন ৬৯ হাজার ৯৭ জন, অর্থাৎ এবার জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কমেছে ২৯ হাজার ১৩ জন।
এ ছাড়া এবার ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি, যা গত বছরের (২০২টি) তুলনায় ৯১টি বেশি।
উল্লেখ্য, গত ২ জুলাই শুরু হওয়া এবারের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা ৮ আগস্ট এবং ব্যবহারিক পরীক্ষা ১৫ আগস্টের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত পরীক্ষাগুলো সম্পন্ন হয়ে লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর।
এসএইচ