৭ নভেম্বরের ইতিহাস পাঠ্যবইয়ে অন্তর্ভুক্তির দাবি এমপি ওয়াহাবের

  • বাকৃবি প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৬, ০১:০১ পিএম
ছবি: প্রতিনিধি

ঐতিহাসিক ৭ নভেম্বরের প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে পাঠ্যবইয়ে এ-সংক্রান্ত বিষয়বস্তু পুনরায় অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

শনিবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে শিক্ষক সংগঠন সোনালী দলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

সংসদ সদস্য বলেন, প্রবীণ নাগরিকেরা ৭ নভেম্বরের চেতনা সম্পর্কে অবগত থাকলেও বর্তমান প্রজন্মের অনেকেই এ বিষয়ে জানে না। বিগত সরকার স্কুল-কলেজের পাঠ্যক্রম থেকে এ-সংক্রান্ত বিষয়বস্তু মুছে ফেলেছিল। এখন সময় হয়েছে সেই প্রকৃত ইতিহাস আবার পাঠ্যবিবরণীতে অন্তর্ভুক্ত করার।

তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধের ভিত্তিতে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন এবং দেশের উন্নয়নে তাঁর অসংখ্য অবদান রয়েছে। একইভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াও বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী হয়ে দেশের উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন।

বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, সবার আগে বাংলাদেশ-এই চেতনাকে ধারণ করে নিজেদের বিবেক জাগ্রত রাখতে হবে। ধৈর্যসহকারে প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব পালন করে নতুন বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসতে হবে।

বাকৃবি সোনালী দলের সভাপতি অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব। এতে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার।

এসএইচ