পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারিতে

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৬, ০৩:৪৯ পিএম
ফাইল ছবি

ঢাকা: দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন গ্রহণ শুরু হবে আগামী জানুয়ারিতে। আর ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা। এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ এবং সম্পূরক পরীক্ষার ফল প্রকাশের পর ভর্তি কার্যক্রম শুরু হবে।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

তিনি বলেন, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও সম্পূরক পরীক্ষার ফল প্রকাশের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। এসব পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাও বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

সভায় ভর্তি পরীক্ষার সময়সূচি সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে জানিয়ে ইউজিসি চেয়ারম্যান বলেন, বিশ্ববিদ্যালয়গুলো পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে পরীক্ষার তারিখ নির্ধারণ ও ঘোষণা করবে। পবিত্র রমজান মাস বিবেচনায় রেখে সময়সূচি নির্ধারণের জন্য উপাচার্যদের অনুরোধ জানানো হয়েছে। ইতোমধ্যে যেসব বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে, তাদেরও শিক্ষার্থীদের স্বার্থে সময়সূচি পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে।

তিনি বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সঙ্গে অন্য বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার তারিখ যেন সাংঘর্ষিক না হয়, তা নিশ্চিত করতে হবে। এতে শিক্ষার্থীরা একাধিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

ভর্তি কার্যক্রমে সমন্বয় নিশ্চিত করতে ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিদের নিয়ে একটি কেন্দ্রীয় সমন্বয় কমিটি গঠনের প্রস্তাব নিয়েও সভায় আলোচনা হয়েছে। প্রস্তাবিত কমিটি সারা বছর বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার সময়সূচি ও কার্যক্রম সমন্বয়ে কাজ করবে।

পিএস