বেবিবাম্পে স্পষ্ট ইঙ্গিত, দ্বিতীয় সন্তানের অপেক্ষায় বুবলী

  • বিনোদন ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৩:১১ পিএম
ছবি: সংগৃহীত

চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী আবার মা হতে যাচ্ছেন-এমন খবর ঘিরে আলোচনা তৈরি হয়েছে। শাকিব খান ও বুবলীর ঘরে দ্বিতীয় সন্তান আসছে বলে বৃহস্পতিবার কালের কণ্ঠের অনলাইন সংস্করণে প্রকাশিত প্রতিবেদনের পর শুক্রবার প্রকাশ্যে আসেন বুবলী।

শুক্রবার রাজধানীর একটি শপিং কমপ্লেক্সে একটি ব্র্যান্ডের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে বিস্কিট রঙের ফ্লোর টাচ গাউন পরে হাজির হন তিনি। এ সময় ক্যামেরায় স্পষ্ট ধরা পড়ে নায়িকার বেবিবাম্প। তার চলাফেরা দেখেই বোঝা যায়, তিনি অন্তঃসত্ত্বার প্রাথমিক পর্যায়ে নেই।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শিগগিরই যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বুবলী। শাকিব খানের পরামর্শেই সেখানে সন্তানের জন্ম দেওয়ার পরিকল্পনা রয়েছে। সে সময় শাকিব খানও পাশে থাকতে পারেন বলে জানা গেছে।

যদিও মা–বাবা হওয়ার বিষয়টি নিয়ে শাকিব খান কিংবা বুবলী কেউই আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। তবে শাকিব খানের ঘনিষ্ঠ একটি সূত্র কালের কণ্ঠকে নিশ্চিত করেছে, বুবলী অন্তঃসত্ত্বা এবং শাকিব খান আবার বাবা হতে যাচ্ছেন।

শুক্রবারের ওই আয়োজনে সাংবাদিকদের প্রশ্নে বুবলী বিষয়টি অস্বীকারও করেননি, আবার সরাসরি স্বীকারও করেননি। কৌশলে এড়িয়ে যান। ব্যক্তিজীবন নিয়ে প্রশ্ন করা হলে হাসিমুখে তিনি বলেন, এগুলো খুব ব্যক্তিগত বিষয়। যখন এ নিয়ে কথা বলব, তখন সবাইকে সম্মান জানিয়ে বলব। তিনি একটি শান্তিপূর্ণ পরিস্থিতি চান বলেও জানান।

বিদেশযাত্রা প্রসঙ্গে সরাসরি কিছু না বললেও হাসিমুখে নিজের পাসপোর্ট দেখিয়ে বুবলী বলেন, এটি তার গুরুত্বপূর্ণ পাসপোর্ট, যা সেদিনই হাতে পেয়েছেন।

ভক্তদের কাছে শাকিব খান ও বুবলীর সম্পর্ক দীর্ঘদিন ধরেই দূরত্বপূর্ণ বলেই পরিচিত। তবে আবার বাবা–মা হতে যাওয়ার খবরে সেই সম্পর্ক নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এর আগেও গত বছর নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে শাকিব খান, বুবলী ও তাদের সন্তান শেহজাদ খান বীরকে একসঙ্গে ঘুরতে দেখা গেলে তাদের সম্পর্ক নিয়ে নানা আলোচনা তৈরি হয়েছিল। সেই প্রশ্নই আবার সামনে ফিরে এসেছে।
 

এসএইচ