বাংলা সংগীতাঙ্গনের জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমা আক্তার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই ব্যক্তিগত অনুভূতি ও জীবনের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন। সম্প্রতি ফেসবুকে দেওয়া তার একটি আবেগঘন স্ট্যাটাস নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
ওই স্ট্যাটাসে তিনি অর্থ, সম্পর্ক এবং মানুষের স্বার্থপরতা নিয়ে নিজের উপলব্ধির কথা তুলে ধরেন। সালমা লেখেন, নিজের উপার্জিত অর্থ নিজের কাছেই রাখা উচিত এবং কাউকে অন্ধ বিশ্বাস করে সব দিয়ে দেওয়া ঠিক নয়। কারণ অনেকেই স্বার্থ শেষ হলে আর খোঁজও নেয় না।
তিনি আরও বলেন, সমাজে এমন মানুষের অভাব নেই যারা প্রয়োজনে পাশে থাকে, কিন্তু প্রয়োজন ফুরালেই দূরে সরে যায়। তবে মানুষের জন্য ভালো কিছু করলে তা কখনোই বৃথা যায় না বলেও মনে করেন এই শিল্পী। তার ভাষায়, মানুষের উপকার করলে আল্লাহ তার প্রতিদান বহুগুণে ফিরিয়ে দেন।
স্ট্যাটাসে সালমা আরও উল্লেখ করেন, জীবনের পথে চলতে গিয়ে তিনি অনেক কিছু শিখেছেন। তার মতে, পৃথিবীর সব মানুষ এক রকম নয়—যেমন হাতের পাঁচটি আঙুল সমান নয়। তাই প্রিয় মানুষদের উদ্দেশে তিনি সতর্ক হয়ে চলার পরামর্শও দিয়েছেন।
নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি লেখেন, কিছু মানুষ অন্যের কাঁধে ভর করে নিজের ভাগ্য বদলে নেয় এবং সমাজে এমনভাবে উপস্থাপন করে যেন সব অর্জন তাদের নিজের। অথচ জীবনের আসা-যাওয়ার মাঝের সময়টুকুই বাস্তব, বাকি অনেক কিছুই ক্ষণস্থায়ী।
স্ট্যাটাসের শেষাংশে জীবনের অস্থায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে সালমা লেখেন, শক্তিশালী মানুষও একসময় দুর্বল হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত সবাইকে নিজ ঠিকানায় ফিরতে হয়। তাই অহংকারের কিছু নেই। আবেগঘন এই বার্তার শেষ লাইনে তিনি লেখেন, “যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে—পর হয়ে গেছি আমি।”
তবে ঠিক কাকে উদ্দেশ করে এই স্ট্যাটাস লিখেছেন, সে বিষয়ে কিছু উল্লেখ করেননি এই সংগীতশিল্পী। তার এই অভিমানভরা পোস্ট ইতোমধ্যেই ভক্তদের মধ্যে নানা আলোচনার জন্ম দিয়েছে।
এম