সালমান খানের মানবিকতায় নতুন আশার আলো পেলেন ভক্ত

  • বিনোদন ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ১০:০১ এএম

বলিউড তারকা সালমান খান পর্দায় ‘ভাইজান’ নামে পরিচিত হলেও বাস্তব জীবনেও তার উদারতা বারবার আলোচনায় এসেছে। ২০০৭ সালে প্রতিষ্ঠিত তার মানবিক সংগঠন বিইং হিউম্যান ফাউন্ডেশন-এর মাধ্যমে বহু মানুষের চিকিৎসা ও শিক্ষায় সহায়তা করে আসছেন তিনি।

সম্প্রতি কর্ণাটকের বাসিন্দা রীনা রাজু নামে এক নারী শোনালেন এই অভিনেতার সহমর্মিতার এক অনন্য অভিজ্ঞতা। হৃদযন্ত্র প্রতিস্থাপনের মতো কঠিন সময় পার করার সময় তিনি গভীর সংকটে ছিলেন। সেই মুহূর্তে তিনি সালমান খানকে একটি বার্তা পাঠান।

অবিশ্বাস্য হলেও সত্য, তখন বিদেশে শুটিংয়ে ব্যস্ত থাকলেও সালমান দ্রুত সাড়া দেন। তিনি সরাসরি ফোন করে দীর্ঘ সময় রীনা ও তার পরিবারের সঙ্গে কথা বলেন এবং মানসিকভাবে শক্ত থাকার অনুপ্রেরণা জোগান।

পরবর্তীতে ২০১৮ সালে রীনার দ্বিতীয়বার হার্ট ট্রান্সপ্ল্যান্টের পর মুম্বাই-এ সালমান খানের সঙ্গে তার সরাসরি সাক্ষাৎ হয়। সেই সাক্ষাৎ শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থাকেনি—অভিনেতা তাকে সময় দেন এবং ব্যক্তিগতভাবে খোঁজখবর নেন।

রীনার সুস্থতার কথা বিবেচনা করে সালমান তাকে ‘বিইং হিউম্যান’ ব্র্যান্ডের একটি সাইকেল উপহার দেন—যা তিনি বহু আগে একবার অনুরোধ করেছিলেন। শুধু তাই নয়, তাকে নিজের রেস ৩ সিনেমার শুটিং সেটেও আমন্ত্রণ জানান এবং পুরো দিন একসঙ্গে সময় কাটান।

বর্তমানে রীনা নিজেও ‘লাইট আ লাইফ’ নামে একটি ফাউন্ডেশন পরিচালনা করছেন। তিনি জানান, এখনও শারীরিক সমস্যায় পড়লে সালমান নিয়মিত তাকে উৎসাহ দেন। তার ভাষায়, “সালমান খান শুধু একজন তারকা নন, তিনি সত্যিই একজন অসাধারণ মানুষ।” সূত্র: এনডিটিভি

এম