১১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন অভিনেতা সিদ্দিক

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১, ২০২৬, ০৬:৪১ পিএম
ছবি: সংগৃহীত

প্রায় ১১ মাস কারাভোগের পর মুক্তি পেয়েছেন ছোটপর্দার পরিচিত মুখ সিদ্দিকুর রহমান। গতকাল শুক্রবার এক ফেসবুক বার্তার মাধ্যমে নিজের মুক্তির খবর নিশ্চিত করেন তিনি নিজেই। রাজনৈতিক পটপরিবর্তনের পর একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন কারাগারে ছিলেন এই অভিনেতা।

সিদ্দিক জানান, ২০২৫ সালের ২৯ এপ্রিল গুলশান এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রায় ১০ মাস ২২ দিন কারাগারে থাকার পর চলতি বছরের ১৮ মার্চ তিনি মুক্তি পান। এতদিন বিষয়টি নিয়ে জনসম্মুখে না আসার বিষয়ে তিনি বলেন, নিজের মতো করে কিছুটা সময় কাটানোর জন্য এবং ট্রমা থেকে বের হতে এই গোপনীয়তা বজায় রেখেছিলেন।

কারাগারের দিনগুলোর অভিজ্ঞতা জানিয়ে সিদ্দিকুর রহমান বলেন, জেলে প্রচুর চিন্তা করার সময় পাওয়া যায়। আমি শিল্পী মানুষ, সেই সময়টাকে কাজে লাগিয়েছি। কারাগারে থাকা অবস্থায় আমি পাঁচ ওয়াক্ত নামাজ ও কোরআন পাঠ শুরু করি। আমার মধ্যে এক ধরনের আধ্যাত্মিক পরিবর্তন এসেছে।

জেলজীবনে সৃজনশীল কাজে ব্যস্ত ছিলেন উল্লেখ করে তিনি আরও বলেন, জেলের দেওয়ালে লেখা রাখিব নিরাপদ, দেখাব আলোর পথ—এই লাইনটি আমাকে গভীরভাবে নাড়া দিয়েছে। আমি সেখানে বসে ১৫টি নাটক ও ৩টি সিনেমার গল্প লিখেছি। এমনকি নিজের জীবনের অভিজ্ঞতার ওপর একটি বইও লিখেছি। তবে দীর্ঘ কারাবাসের মানসিক ও শারীরিক ট্রমা এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারিনি।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর গুলশান এলাকায় আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে এক ব্যক্তি নিহতের ঘটনায় দায়ের করা মামলায় সিদ্দিকুর রহমানকে আসামি করা হয়েছিল। এক সময় নিয়মিত অভিনয়ে সক্রিয় থাকলেও পরবর্তী সময়ে তিনি রাজনীতিতে যুক্ত হন। তবে গত জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে মনোনয়ন চেয়েও পাননি তিনি। বর্তমানে তাঁর নামে দুটি মামলা চলমান রয়েছে।

এসএইচ