‘আমাকে বিকিনি পরে দেখাতে বলেছিলেন পরিচালক’

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১, ২০২৬, ০৭:০৭ পিএম
ছবি: সংগৃহীত

বলিউডে কাস্টিং কাউচ বা কাজের বিনিময়ে অনৈতিক প্রস্তাবের বিষয়টি আবারও আলোচনায় এল। জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী মাদালসা শর্মা সম্প্রতি তাঁর ক্যারিয়ারের শুরুর দিকের এক তিক্ত ও অস্বস্তিকর অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন।

‘দ্য মেল ফেমিনিস্ট’ নামক এক পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে মাদালসা জানান, মাত্র ১৯ বছর বয়সে এক প্রভাবশালী চলচ্চিত্র পরিচালকের লালসার মুখে পড়েছিলেন তিনি। ওই পরিচালক সিনেমার আলোচনার নাম করে তাঁকে ডেকে অশালীন প্রস্তাব দেন।

মাদালসার ভাষ্য অনুযায়ী, অডিশনের এক পর্যায়ে পরিচালক জানতে চান তিনি সিনেমায় বিকিনি পরতে স্বচ্ছন্দ কি না। শুরুতে মাদালসা বিষয়টিকে পেশাগত চাহিদা হিসেবে ধরে নিয়েছিলেন এবং গল্পের প্রয়োজনে রাজিও হয়েছিলেন। কিন্তু পরিস্থিতি ঘোলাটে হয় যখন পরিচালক তাঁকে সরাসরি নিজের সামনে বিকিনি পরে দেখানোর দাবি তোলেন।

সেই অভিজ্ঞতার বর্ণনা দিয়ে মাদালসা বলেন, ওই পরিচালক আমার শারীরিক ভাষা দেখার নাম করে তাঁর সামনেই বিকিনি পরে দেখাতে বলেন। আমি তখন স্পষ্টভাবে জানিয়ে দিই, একজন অভিনেত্রী হিসেবে ক্যামেরার সামনে চরিত্রের প্রয়োজনে যেকোনো পোশাক পরতে আমার আপত্তি নেই। কিন্তু ব্যক্তিগতভাবে কাউকে দেখানোর জন্য এমনটা করা আমার কাজের অংশ নয়।

পরিচালকের মুখের ওপর প্রস্তাব প্রত্যাখ্যান করে মাদালসা সেদিন বেরিয়ে এসেছিলেন। তিনি বলেন, আমি তাঁকে বলেছিলাম যে প্রতিভার ভিত্তিতে সুযোগ দিতে চাইলে দিন, নতুবা আমি জানি দরজা কোন দিকে। পরে জানা যায়, ওই চরিত্রে এমন একজনকে নেওয়া হয়েছিল যার সঙ্গে পরিচালকের ব্যক্তিগত সম্পর্ক ছিল।

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় ধারাবাহিক ‘অনুপমা’-তে ‘কাব্য’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান মাদালসা শর্মা। সাহসী ও স্পষ্টবাদী হিসেবে পরিচিত এই অভিনেত্রী বর্তমানে বলিউডের অন্যতম আলোচিত মুখ।

এসএইচ