শাবনূরকে নিয়ে পূর্ণিমার আবেগঘন বার্তা

  • বিনোদন ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ৮, ২০২৬, ১০:২৭ এএম

নব্বই ও শূন্য দশকের বাংলা চলচ্চিত্রের দুই প্রধান স্তম্ভ—শাবনূর ও দিলারা হানিফ পূর্ণিমা। রূপালী পর্দায় দীর্ঘ দিন ধরে নিজেদের অভিনয় আর সৌন্দর্য দিয়ে কোটি বাঙালির হৃদয় জয় করেছেন তারা। এক সময় বক্স অফিসে এই দুই নায়িকাকে তুমুল প্রতিদ্বন্দ্বী মনে করা হলেও, পর্দার ওপারের বাস্তব জীবনে তাদের সম্পর্কটা যে কতটা মধুর ও শ্রদ্ধার, তারই এক অনন্য দৃষ্টান্ত মিলল এবার।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শাবনূরের সঙ্গে কাটানো পুরোনো কিছু সুন্দর মুহূর্তের একটি ভিডিও শেয়ার করেছেন পূর্ণিমা। আর সেই ভিডিওর ক্যাপশনেই বড় বোনের প্রতি উজাড় করে দিয়েছেন নিজের সবটুকু আবেগ ও ভালোবাসা।

ভিডিওটির ক্যাপশনে ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা লেখেন, "কিছু মানুষ শুধু তারকা নন, তারা মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকেন। বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র শাবনূর আপু। পর্দার সাফল্যের বাইরেও তিনি একজন অসাধারণ মনের মানুষ।"

স্মৃতির পাতা হাতড়ে পূর্ণিমা আরও উল্লেখ করেন, "২-৩ বছর আগে তার সঙ্গে কাটানো এই মুহূর্তটি আজও আমার জীবনের সবচেয়ে স্মরণীয় স্মৃতিগুলোর একটি। বাংলা সিনেমায় আপনার অবদান যেমন অবিস্মরণীয়, তেমনি মানুষ হিসেবেও আপনি অসাধারণ।"

শাবনূর এখন আগের মতো রূপালী পর্দায় নিয়মিত নন, বেশির ভাগ সময় কাটান দেশের বাইরে। তবে ভক্তদের পাশাপাশি ইন্ডাস্ট্রির সহকর্মীরাও যে তাকে কতটা মিস করেন, তা পূর্ণিমার কথাতেই স্পষ্ট। শাবনূরের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে পূর্ণিমা তার পোস্টে লেখেন, "আপনাকে বড় পর্দায় খুব মিস করি। ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক শ্রদ্ধা ও ভালোবাসা।"

ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে শাবনূর ও পূর্ণিমা দুজনেই নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন। ইন্ডাস্ট্রির শীর্ষ দুই অভিনেত্রীর মধ্যে সাধারণত যে পেশাদার দূরত্বের কথা শোনা যায়, তা বুড়ো আঙুল দেখিয়ে তাদের এই পারস্পরিক সম্মান ও ভালোবাসা এক অনন্য নজির সৃষ্টি করল। দুই তারকার এই মেলবন্ধন সামাজিক যোগাযোগ মাধ্যমেও নেটিজেনদের প্রশংসায় ভাসছে।

এম