সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগপত্রটি নিজের ভ্যানিটি ব্যাগে করে সঙ্গে নিয়ে গেছেন বলে দাবি করেছেন দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী। গত রোববার (৩১ মে) দুপুরে ইউটিউবভিত্তিক প্ল্যাটফর্ম দ্য পোস্টে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানান।
মতিউর রহমান চৌধুরী বলেন, শেখ হাসিনা পদত্যাগ করেই দেশ ছাড়তে চেয়েছিলেন, কিন্তু উদ্ভূত পরিস্থিতির কারণে তিনি তা জমা দিয়ে যেতে পারেননি। তিনি তিন পৃষ্ঠার একটি পদত্যাগপত্র লিখেছিলেন। কিন্তু সেই কাগজটি কোথাও জমা দেওয়ার সুযোগ না পেয়ে নিজের ভ্যানিটি ব্যাগে করে সঙ্গে নিয়ে গেছেন। এটিই মূলত সেদিনের ভেতরের খবর।
সাক্ষাৎকারে মানবজমিন সম্পাদক আরও জানান, বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) একজন স্টাফের শেখ হাসিনার ওই পদত্যাগপত্রটি টাইপ করার কথা ছিল। কিন্তু সময়ের অভাবে তিনি সেটি টাইপ করতে পারেননি। শেখ হাসিনা তাঁর চিঠিতে দেশের জন্য তিনি কী কী করেছেন তা উল্লেখ করার পাশাপাশি একদম শেষ দিকে পদত্যাগের কারণ লিখেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সেটি আনুষ্ঠানিক রূপ দেওয়া সম্ভব হয়নি।
এর কারণ হিসেবে মতিউর রহমান চৌধুরী উল্লেখ করেন, সে সময় চারদিক থেকে মানুষ গণভবনের কাছাকাছি চলে আসছিল। সেনাবাহিনীর ওয়াকিটকি থেকে বারবার বার্তা আসছিল এবং সেনা কর্মকর্তারা শেখ হাসিনাকে বলছিলেন যে তাঁর হাতে আর সময় নেই, দ্রুত চলে যেতে হবে। হুড়োহুড়ির মধ্যে শেখ হাসিনা তাঁর ব্যাগটি চেয়ারের ওপরই ফেলে রেখে যান। পরবর্তীতে গাড়িতে ওঠার আগমুহূর্তে তিনি দায়িত্বরত সেনাবাহিনীর একজন ব্রিগেডিয়ারকে ব্যাগটি নিয়ে আসার অনুরোধ জানান।
এসএইচ