আওয়ামী লীগকে দমন করলে পরিণাম সুখকর হবে না: সাবির মুস্তাফা

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ৭, ২০২৬, ০১:০২ পিএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে কী করলে কী হয়, বিএনপি সরকার অবশ্যই তা জানে এবং তারা বলতে পারে না যে তারা বিষয়টি জানত না বলে মন্তব্য করেছেন বিবিসি বাংলার সাবেক প্রধান সাবির মুস্তাফা।

গতকাল শনিবার ‘মানচিত্র’ নামের একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে তিনি এসব কথা বলেন।

সাবির মুস্তাফা বলেন, তারা (বিএনপি সরকার) যদি মনে করে যে আওয়ামী লীগের জনসমর্থন নেই, আওয়ামী লীগ দুর্বল, সেজন্য আমি তাকে একেবারে পিটিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেব, তাহলে তারা খুব ভুল করবে। কারণ তারা মাটির সঙ্গে মিশে ছিল। এখন মাটি থেকে তারা উঠছে আস্তে আস্তে।

সাবেক এই গণমাধ্যম ব্যক্তিত্ব সতর্ক করে বলেন, এখন যদি তারা মনে করে যে আবার তাদেরকে পিটিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেবে, তাহলে আমার মনে হয় যে সেই পরিস্থিতি আর নেই। ২০২৪ সালে যে পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতি আর নেই। সেই ধরনের পরিস্থিতিও হুট করে চাইলেই সৃষ্টি করতে পারবেন না। কাজেই আওয়ামী লীগকে আপনি দমন করার একটা নীতি হাতে নিতে পারেন। কিন্তু সেটার পরিণাম দীর্ঘমেয়াদ বলব না, মধ্যমেয়াদেই সুখকর হবে না। কারো জন্যই এটি সুখকর হবে না। একটা অস্থিতিশীলতা ও সংঘাতের পটভূমি আস্তে আস্তে তৈরি হবে।

পরিস্থিতি সামাল দেওয়ার উপায় উল্লেখ করে তিনি বলেন, এই পটভূমি বা এই পরিস্থিতি যাতে সংঘাতের দিকে না যায়, সেজন্য সরকারকে আগেই ব্যবস্থা নিতে হবে। ব্যবস্থাটা কী হতে পারে? হয় দমননীতি, যা আরো বেশি সংঘাতের সম্ভাবনা সৃষ্টি করবে; না হয় এই দমননীতি থেকে সরে এসে আওয়ামী লীগের সঙ্গে একটা সমঝোতা করে তাদেরকে রাজনীতিতে ফিরিয়ে আনা।

সাবির মুস্তাফা আরও যোগ করেন, এখন এটি সম্পূর্ণভাবে সরকারের ওপর নির্ভর করবে এবং বল এখন সরকারের কোর্টেই রয়েছে।

এসএইচ