ঢাকা: আওয়ামী লীগের বিরুদ্ধে আগাম কোনো পদক্ষেপ না নেওয়া স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের একটি রাজনৈতিক কৌশল ছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব ও দ্য ডেইলি ওয়াদার সম্পাদক শফিকুল আলম। তার মতে, আওয়ামী লীগ সহিংসতার পথে এগিয়ে গিয়ে নিজেরাই সেই কৌশলের ফাঁদে পা দিয়েছে।
রোববার (২২ নভেম্বর) নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে এসব মন্তব্য করেন শফিকুল আলম।
তিনি লিখেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের সহিংস কর্মকাণ্ডের দৃশ্য অনেকের কাছে সরকারের দুর্বলতা কিংবা দলটির ফিরে আসার সম্ভাবনা তৈরি হওয়ার ইঙ্গিত মনে হলেও বাস্তবে তা ছিল একটি রাজনৈতিক ফাঁদ।
শফিকুল আলমের ভাষ্য, সালাহউদ্দিন আহমেদের এই কৌশল অনেকের মনে বিস্ময়ের জন্ম দিলেও পরিকল্পনা অনুযায়ী কাজ করেছে। আওয়ামী লীগের সহিংসতার কারণে দলটি রাজনৈতিকভাবে আরও চাপে পড়েছে বলে মনে করেন তিনি।
তিনি স্ট্যাটাসে আরও লিখেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির সংসদ সদস্যদের বাড়িসহ বিভিন্ন স্থাপনায় হামলা, অগ্নিসংযোগ এবং থানায় আগুন দেওয়ার ঘটনা ঘটিয়েছে। এমনকি দাড়ি রাখা ও টুপি পরা বাসযাত্রীদের থামিয়ে তাদের রাজনৈতিক পরিচয় ও আনুগত্য যাচাইয়ের ঘটনাও ঘটেছে বলে উল্লেখ করেন তিনি।
শফিকুল আলমের মতে, এসব সহিংসতার মধ্য দিয়ে আওয়ামী লীগ কার্যত কী অর্জন করেছে, সেই প্রশ্ন সামনে এসেছে। গোপালগঞ্জের সহিংসতায় পাঁচজনের মৃত্যু, বাসে অগ্নিসংযোগ এবং পেট্রোল বোমা ও ককটেল হামলার কথা উল্লেখ করে তিনি বলেন, এসব কর্মকাণ্ড দলটির রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টাকেই ক্ষতিগ্রস্ত করেছে।
স্ট্যাটাসে শফিকুল আলম লিখেছেন, সহিংসতা বৃহত্তর গোপালগঞ্জ অঞ্চলের বাইরে উল্লেখযোগ্যভাবে ছড়িয়ে পড়েনি। পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার পর সালাহউদ্দিন আহমেদ তিন বাহিনীর প্রধানদের গোপালগঞ্জে পাঠান। তবে নিরাপত্তা বাহিনীর বড় ধরনের অভিযান শুরুর আগেই আওয়ামী লীগের তরুণ কর্মীরা অন্য জেলাগুলোতে পালিয়ে গেছেন বলে তিনি দাবি করেন।
শফিকুল আলমের স্ট্যাটাসে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরোধী দলগুলোর মধ্যে বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বানের বিষয়টিও উঠে এসেছে।
তিনি লিখেছেন, আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবিলায় বিরোধী দলগুলোর মধ্যে ঐক্য গড়ে তোলার উদ্যোগ ছিল একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদক্ষেপ। জামায়াতে ইসলামীর আমির দ্রুত এই উদ্যোগকে স্বাগত জানান এবং প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করেন। এর পরদিন জামায়াত ও তাদের মিত্ররা বিরোধীদের মোকাবিলায় ৪০ দিনের কর্মসূচি ঘোষণা করে।
শফিকুল আলমের মতে, সংসদে থাকা দলগুলোর এই ঐক্য নির্বাচনের পর থেকে যে রাজনৈতিক সমন্বয়ের অভাব ছিল, তা কাটিয়ে ওঠার একটি দৃশ্যমান প্রচেষ্টা।
তিনি মনে করেন, এই ঐক্যের ফলে আওয়ামী লীগের সামনে রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার সুযোগ সীমিত হয়ে এসেছে। দলটির সামনে এখন সহিংসতা বাড়ানো অথবা রাজনৈতিকভাবে ক্রমশ গুরুত্ব হারানোর পরিস্থিতি তৈরি হয়েছে।
স্ট্যাটাসে শফিকুল আলম লিখেছেন, আওয়ামী লীগ যদি সরকার ও বিরোধী দলগুলোকে রাজনৈতিক সমঝোতায় বাধ্য করতে চায়, তাহলে সহিংসতার মাত্রা বাড়ানোর চেষ্টা করতে পারে। তবে এ ধরনের পদক্ষেপ দলটিকে সাধারণ মানুষের কাছ থেকে আরও বিচ্ছিন্ন করবে।
তার মতে, আরও হত্যাকাণ্ড ও আকস্মিক হামলার ঘটনা ঘটলে জনরোষ কিংবা গণপ্রতিশোধের আশঙ্কা তৈরি হতে পারে। আওয়ামী লীগ কোনো গেরিলা বাহিনী নয়। ফলে দীর্ঘমেয়াদে সহিংসতা বাড়ানোর কৌশল দলটির জন্য টেকসই হবে না।
আওয়ামী লীগের পলাতক নেতৃত্ব যত দ্রুত বিষয়টি উপলব্ধি করবে, মাঠপর্যায়ের নেতাকর্মীদের জন্য ততই মঙ্গল হবে বলে মন্তব্য করেন তিনি।
শফিকুল আলম তার স্ট্যাটাসে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা এবং ভারতের অবস্থান নিয়েও নিজের বিশ্লেষণ তুলে ধরেছেন।
তিনি লিখেছেন, জাতীয় রাজনীতিতে নিজেদের অবস্থান পুনরুদ্ধারের জন্য আওয়ামী লীগের হাতে রমজান পর্যন্ত সময় রয়েছে। শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে এর মধ্যেই ফেরার পথ খুঁজে বের করতে হবে। বিএনপি সরকার তাকে দেশে ফিরিয়ে নেবে না, যদি না প্রত্যর্পণের মাধ্যমে তাকে আনা হয়।
ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না বলে শ্রীরাধা দত্তের বক্তব্য উল্লেখ করেন তিনি। তবে রমজানের পর বর্ষাকাল এলে শেখ হাসিনা ও কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের বিষয়ে ভারতের অবস্থান নতুন করে পর্যালোচনার প্রয়োজন হতে পারে বলে মনে করেন তিনি।
শফিকুল আলমের ধারণা, এমন পরিস্থিতিতে তাদের পশ্চিমা দেশগুলোতে, বিশেষ করে যুক্তরাজ্যে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হতে পারে। একই সঙ্গে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্যের প্রতি পশ্চিমা ও ভারতীয় সংবাদমাধ্যমের আগ্রহ কমে আসতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
স্ট্যাটাসের শেষাংশে তিনি ভারতের সঙ্গে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক সম্পর্ক নিয়েও সম্ভাবনার কথা তুলে ধরেন। তার মতে, একপর্যায়ে নয়াদিল্লি প্রধানমন্ত্রী তারেক রহমানের আনুষ্ঠানিক সফর আয়োজনের জন্য প্রস্তুতি নিতে পারে। একইভাবে ২০২৯ সালের কোনো এক সময়ে বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমানের আধা-সরকারি সফরে ভারত যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।
পিএস