চিকিৎসা শেষে হাসপাতাল থেকে রোগীর বিদায় নেওয়া নিয়মিত ঘটনা। তবে হাতে ফুল তুলে সম্মানজনক বিদায়—এমন দৃশ্য সচরাচর দেখা যায় না। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবার দেখা গেল এমনই এক ব্যতিক্রম উদ্যোগ, যা স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় জাতীয় হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন-২০২৬-এর উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দীর্ঘদিন চিকিৎসাধীন ১৭ জন রোগীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বিদায় দেওয়া হয়। সুস্থ হয়ে বাড়ি ফেরা রোগীদের সম্মান জানাতে হাসপাতাল কর্তৃপক্ষের এই উদ্যোগে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম। সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ তৌহিদুল আলম।
দুই সপ্তাহ চিকিৎসা শেষে সুস্থ হয়ে ফেরা এক রোগী বলেন, “চিকিৎসা শেষে রোগীদের হাতে ফুল তুলে বিদায় দেওয়ার দৃশ্য এই প্রথম দেখলাম। খুব ভালো লেগেছে।”
নাজিরহাট পৌরসভায় অবস্থিত হাসপাতাল প্রাঙ্গণে এ সময় রোগী ও স্বজনদের মুখে ছিল আনন্দ ও কৃতজ্ঞতার হাসি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, “১৭ জন রোগীর সুস্থ হয়ে বাড়ি ফেরা আমাদের স্বাস্থ্যসেবার মানোন্নয়নের প্রতিফলন। রোগীদের সম্মান দিয়ে বিদায় জানানো মানবিক প্রশাসনের অংশ।”
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ তৌহিদুল আলম বলেন, “ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে সেবাধর্মী প্রতিষ্ঠানে রূপান্তর করাই আমাদের লক্ষ্য। প্রতিটি রোগী যেন সর্বোচ্চ চিকিৎসাসেবা পায়, সে জন্য আমরা কাজ করছি।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ সময় চিকিৎসকেরা জাতীয় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। তাঁরা বলেন, হাম ও রুবেলা প্রতিরোধযোগ্য রোগ। শিশুদের সুরক্ষায় নির্ধারিত বয়সে টিকা দেওয়া জরুরি। এ জন্য অভিভাবকদের নিকটস্থ টিকাদান কেন্দ্রে শিশুদের নিয়ে আসার আহ্বান জানানো হয়।
স্বাস্থ্যসেবার পাশাপাশি রোগীদের সম্মানজনক বিদায় দেওয়ার এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। তাঁদের মতে, এমন আয়োজন হাসপাতাল ও রোগীর সম্পর্ককে আরও মানবিক করে তুলবে।
এম