হামের উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ, যা জানা জরুরি

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৬, ০৪:৩০ পিএম
ফাইল ছবি

বাংলাদেশে চলমান হাম পরিস্থিতিকে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ হিসেবে মূল্যায়ন করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটি বৃহস্পতিবার (২৩ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, দেশের ৬৪ জেলার মধ্যে ৫৮টিতে ইতিমধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়েছে, যা জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের উদ্বেগ তৈরি করেছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২৬ সালের জানুয়ারি থেকে দেশে হামের সংক্রমণ অস্বাভাবিক হারে বাড়তে শুরু করেছে। গত ১৫ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত ১৯ হাজার ১৬১ সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে পরীক্ষাগারে ২ হাজার ৯৭৩ জনের হামের সংক্রমণ নিশ্চিত করা হয়েছে। একই সময়ে উপসর্গ নিয়ে ১৬৬ শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১২ হাজার ৩১৮ জন চিকিৎসাধীন রয়েছে।

সংস্থাটি জানায়, দেশের প্রায় ৯১ শতাংশ জেলা এখন হামের কবলে। আট বিভাগের মধ্যে ঢাকা বিভাগ সবচেয়ে বেশি আক্রান্ত, যেখানে একাই ৮ হাজার ২৬৩ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে। রাজধানীর ডেমরা, যাত্রাবাড়ী, কামরাঙ্গীরচর, কড়াইল, মিরপুর ও তেজগাঁও শিল্পাঞ্চলসহ বস্তি এলাকাগুলোকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

অন্যান্য বিভাগের মধ্যে রাজশাহী বিভাগ, চট্টগ্রাম বিভাগ এবং খুলনা বিভাগ-এও সংক্রমণ দ্রুত বাড়ছে।

প্রতিবেদন অনুযায়ী, আক্রান্তদের মধ্যে ৭৯ শতাংশই পাঁচ বছরের কম বয়সি শিশু। মৃত শিশুদের বেশিরভাগই টিকা না পাওয়া বা আংশিক টিকা পাওয়া ছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ২০২৪-২৫ সালে এমআর টিকার ঘাটতি এবং দীর্ঘদিন সম্পূরক টিকাদান কর্মসূচি না থাকা এ পরিস্থিতির প্রধান কারণ।

এ ছাড়া অপুষ্টি ও ভিটামিন এ-এর ঘাটতিও শিশুদের মধ্যে জটিলতা ও মৃত্যুঝুঁকি বাড়িয়ে দিচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এসএইচ