বরিশালে হাম-রুবেলা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত সচিব (হাসপাতাল) মো. খোরশেদ আলম। রোববার (২৬ এপ্রিল) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
হাম-রুবেলা টিকা ক্যাম্পেইনের অগ্রগতি পর্যবেক্ষণের অংশ হিসেবে তিনি এই পরিদর্শনে আসেন। তিনি জানান, সারাদেশে চলমান টিকাদান কর্মসূচির ইতিবাচক প্রভাব ইতোমধ্যে দৃশ্যমান হতে শুরু করেছে। এই ধারাবাহিকতা বজায় থাকলে সংক্রমণ পরিস্থিতি শিগগিরই স্বাভাবিক পর্যায়ে চলে আসবে।
তিনি আরও বলেন, দেশে হঠাৎ করেই হাম-রুবেলার প্রাদুর্ভাব দেখা দিলেও বর্তমান টিকাদান কার্যক্রম পরিস্থিতির উন্নতিতে ভূমিকা রাখছে। সরকার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং দেশের প্রতিটি এলাকায় টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে।
স্বাস্থ্য খাতের চ্যালেঞ্জ প্রসঙ্গে তিনি বলেন, শিশুদের চিকিৎসায় আইসিইউ সংকট একটি বড় সমস্যা হিসেবে রয়ে গেছে। তবে আগামী বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধির আশ্বাস পাওয়া গেছে। বরাদ্দ বাড়লে আইসিইউ সুবিধা বৃদ্ধি, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন এবং প্রয়োজনীয় জনবল নিয়োগ দেওয়া সম্ভব হবে।
তিনি আশা প্রকাশ করেন, আগামী দুই বছরের মধ্যে দেশের স্বাস্থ্য খাতে দৃশ্যমান পরিবর্তন আসবে। স্বাস্থ্যসেবাকে আরও আধুনিক, সহজলভ্য ও কার্যকর করতে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে।
পরিদর্শন শেষে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবার মান, রোগীদের সুবিধা-অসুবিধা ও চিকিৎসা কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মশিউল মুনীর, সিভিল সার্জন ডা. এস এম মনজুর এ এলাহি এবং স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা।
এসএইচ