ডেঙ্গুতে প্রাণ গেল ৩ জনের, নতুন আক্রান্ত ৫১২

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ০৫:৩৬ পিএম
ফাইল ছবি

ঢাকা: মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫১২ জন।

মঙ্গলবার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (২৭ জুলাই) সকাল আটটা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুলনা বিভাগে দুজন এবং চট্টগ্রাম বিভাগে একজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৪৭ জনের মৃত্যু হলো। এর মধ্যে কেবল জুলাই মাসের প্রথম ২৮ দিনেই মারা গেছেন ২৯ জন।

এ ছাড়া এই ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৮৫ জন এবং দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭৬ জন। দুই সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ডেঙ্গু নিয়ে আরও ৪০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

ঢাকার বাইরে অন্যান্য বিভাগের মধ্যে খুলনা বিভাগে ৮৪ জন, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ৭৫ জন করে, রাজশাহীতে ৩৪, রংপুরে ২৮, ময়মনসিংহে ১৩ এবং সিলেট বিভাগে ১ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৩২ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশে মোট ১৪ হাজার ১৫৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ হাজার ৯ জন।

পিএস