ঢাকা: মশাবাহিত রোগ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে রোগটিতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন ১৫৩ জন রোগী।
শুক্রবার (৩১ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তি খুলনা বিভাগের বাসিন্দা ছিলেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ জনে।
এদিকে গত এক দিনে নতুন আক্রান্ত ১৫৩ জনের মধ্যে ঢাকা বিভাগেই সর্বোচ্চ ৭৬ জন শনাক্ত হয়েছেন। দ্বিতীয় সর্বোচ্চ ৬৯ জন রোগী ভর্তি হয়েছেন চট্টগ্রাম বিভাগে। এ ছাড়া খুলনা ও বরিশাল বিভাগে চারজন করে নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১ হাজার ১৬৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৪০৮ জন এবং ঢাকার বাইরের হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন ৭৫৯ জন রোগী।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ১৫ হাজার ৩১০ জন হাসপাতালে ভর্তি হলেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৪ হাজার ৮৯ জন।
পিএস