ঢাকা: দেশে মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে রোগটিতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৯০ জন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে চট্টগ্রাম বিভাগেও ১ জনের প্রাণহানির ঘটনা ঘটে।
বিভাগভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, গত একদিনে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ২৪৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ১৯৬ জন, ময়মনসিংহ বিভাগে ৭৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬১ জন, খুলনা বিভাগে ৬০ জন, রংপুর বিভাগে ৩৮ জন, রাজশাহী বিভাগে ৩৩ জন এবং বরিশাল বিভাগে ১৮ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৪১ জনে। এর মধ্যে দুটি সিটি করপোরেশনসহ ঢাকা বিভাগেই সর্বোচ্চ ৭২ জনের মৃত্যু হয়েছে।
এছাড়া চলতি বছরে খুলনা বিভাগে ২৫ জন, ময়মনসিংহ বিভাগে ১৪ জন, বরিশাল বিভাগে ১২ জন, চট্টগ্রাম বিভাগে ১০ জন, রাজশাহী বিভাগে ৬ জন এবং রংপুর ও সিলেট বিভাগে ১ জন করে মোট ২ জনের মৃত্যু হয়েছে।
পিএস