একদিনে হাম উপসর্গ আর ডেঙ্গুতে প্রাণ গেল ১৭ জনের

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৬, ০৫:৫৪ পিএম
ফাইল ছবি

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ আর মশাবাহিত রোডগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হাম উপসর্গে ১১ শিশুর আর ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

হাম বিষয়ক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,  দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ১১ শিশুর মৃত্যু হয়েছে। যা চলতি সেপ্টেম্বর মাসের সর্বোচ্চ। এই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২৭০ জন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে মঙ্গলবার পর্যন্ত হাম ও উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা ১০৭৬ জন। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০১ জন এবং হাম সন্দেহে ৯৭৫ জন।

আর ডেঙ্গু বিষয়ক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের ডেঙ্গুতে মোট ২০১ জনের মৃত্যু হয়েছে। একদিনে এক হাজার ৮৬৮ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ১৭৮ জন, চট্রগ্রাম বিভাগে ৩১৭ জন, ঢাকা বিভাগে সিটি কর্পোরেশনের বাইরে ৪০৫ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ১৭৩ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৭৯ জন, খুলনা বিভাগে ২৮০ জন, ময়মনসিংহ বিভাগে ১১৩ জন, রাজশাহী বিভাগে ১৫৬ জন, রংপুর বিভাগে ৫৯ জন এবং সিলেট বিভাগে আটজন রয়েছেন।

চলতি বছরের ২৩ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৭ হাজার ৩৬৭ জন।

চলতি বছরে এ যাবত মোট ৬২ হাজার ১১৭ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে এক হাজার ৫৫৭ জন চিকিৎসাধীন আছেন।

পিএস